আওয়ামী লীগ পুনর্বাসিত হলে আমরা শুধু আমাদের জীবন হারাবো। কিন্তু বিএনপি সব হারাবে বলে মন্তব্য করেছেন এনসিপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। মঙ্গলবার দুপুরে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে ‘রায়ের এক বছর: শেখ হাসিনার বিচার, প্রত্যর্পণ ও রাষ্ট্রের দায়বদ্ধতা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে। আপনি যদি মনে করেন জনগনও আপনার দৃষ্টিতে আওয়ামী লীগকে দেখবে, সেটা ভুল। এজন্য তাদের বিচার বাস্তবায়ন করতে হবে। এক্ষেত্রে বিএনপির দ্বিচারিতা আছে। বিএনপির সময়ে যারা পলাতক দেশের বাইরে তাদের হয় মৃত্যুদণ্ড। আর যারা দেশে আছেন তাদের মৃত্যুদণ্ড রায় হয় না।’
বিএনপির একাংশের আপসকামী মনোভাবের সমালোচনা করে হাসনাত বলেন, ‘আওয়ামী লীগ পুনর্বাসিত হলে এনসিপি’র নেতাকর্মীরা জীবন হারানোর ঝুঁকিতে পড়বেন। কিন্তু বিএনপির পুরো সরকারই রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে।’
তিনি অভিযোগ করেন, ‘বিএনপির একটি অংশ আওয়ামী লীগের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায়। অতীতে আওয়ামী লীগের সঙ্গে এমন সম্পর্কের কারণেই বিএনপির আন্দোলন-সংগ্রাম সফল হয়নি এবং দলটির বিভিন্ন বৈঠকের তথ্য আগেই আওয়ামী লীগের হাতে পৌঁছে যেত।’
তিনি বলেন, ‘বিএনপির আপসকামী মনোভাবের কারণে সারা দেশের নেতাকর্মীদের জীবন আবারও বিপন্ন হতে পারে। রাজনৈতিক সমঝোতার কারণে শেষ পর্যন্ত মাঠ পর্যায়ের নেতাকর্মীদেরই জীবন দিতে হবে।’
বিএনপির নেতৃত্বের উদ্দেশে হাসনাত বলেন, ‘৫ আগস্টের পর জনগণ যে প্রত্যাশা নিয়ে বিএনপিকে ভোট দিয়েছে, দলটি সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি।’
আওয়ামী লীগ পুনর্বাসিত হলে আমরা জীবন হারাবো, বিএনপি সব হারাবে: হাসনাত
স্টাফ রিপোর্টার
অনলাইন
১৩ মিনিট আগে
১৭ নভেম্বর (মঙ্গলবার), ২০২৬, ৪ঃ১৯ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
