বাহরাইনে ইরানের ড্রোন হামলা, টার্গেট মার্কিন রাডার

বাহরাইনে ইরানের ড্রোন হামলা, টার্গেট মার্কিন রাডার

ফন্ট সাইজ:

বাহরাইনে অবস্থিত মার্কিন রাডার ব্যবস্থায় ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তাদের দাবি, দেশটির ঈসা বিমানঘাঁটিতে থাকা মার্কিন রাডার ব্যবস্থাকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে।
তবে বাহরাইন জানিয়েছে, তারা এসব হামলা প্রতিহত করেছে। একাধিক ড্রোন ছোড়ার পর এই হামলা প্রতিহত করা হয় বলে জানিয়েছে উপসাগরীয় দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন।
বাহরাইনে এসব হামলার খবর এমন এক সময়ে সামনে এলো, যখন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা কার্যত স্থবির হয়ে পড়েছে।

গত ২৮শে ফেব্রুয়ারি শুরু হওয়া এই যুদ্ধ ইতিমধ্যে পুরো উপসাগরীয় অঞ্চল ছাড়িয়ে বিভিন্ন এলাকায় প্রভাব ফেলেছে। বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর অবস্থিত।
গত কয়েক দিনে বাহরাইনে মার্কিন রাডার ব্যবস্থায় ইরানের হামলার দাবির মধ্যে এটি সর্বশেষ ঘটনা। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, ‘অঞ্চলে মার্কিন বাহিনীর শত্রুতামূলক কর্মকাণ্ড মোকাবিলার প্রচেষ্টার অংশ হিসেবে’ এই হামলা চালানো হয়েছে।
এদিন বাহরাইনের রাজধানী মানামার আকাশে বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর আগে বাসিন্দাদের মোবাইল ফোনে ‘সম্ভাব্য হুমকি’ সম্পর্কে সতর্কবার্তা পাঠানো হয়।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাসিন্দাদের নিকটবর্তী নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশ দেয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার ঘোষণা দিয়ে আরেকটি বার্তা পাঠানো হয়েছে।
এক বিবৃতিতে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সতর্কতামূলক নিরাপত্তাব্যবস্থা এখনো বহাল রয়েছে। একই সঙ্গে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
এর আগে রোববার বাহরাইনের রিফা বিমানঘাঁটিতে অবস্থিত মার্কিন আকাশ প্রতিরক্ষা রাডার ব্যবস্থাকে লক্ষ্য করে ছয়টি ড্রোন ছোড়ে আইআরজিসি। ওই ঘাঁটিতে মার্কিন সেনারা অবস্থান করছেন। যুক্তরাষ্ট্রের শত্রুতামূলক কর্মকাণ্ডের জবাবে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করে ইরান।