বরিশালের বাকেরগঞ্জে সুন্দরকাঠী জিপিএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আহসান হাবিব মোল্লার ওপর অতর্কিত হামলা ও মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় একদল ব্যক্তির বিরুদ্ধে। একই ঘটনায় বিদ্যালয়ের নারী অফিস সহকারী লামিয়া আক্তারকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগও পাওয়া গেছে। হামলায় সাংবাদিক মোহসীন হোসেন মোল্লাসহ আহত হয়েছেন চারজন। শুধু হামলা করেই ক্ষান্ত হয়নি অভিযুক্তরা, প্রধান শিক্ষককে বিদ্যালয়ে প্রবেশে বাধা, মারধর এবং মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকিও দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী ও স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।
গত ১৪ই নভেম্বর সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার ৪ নম্বর দুধল ইউনিয়নের সুন্দরকাঠী জিপিএস মাধ্যমিক বিদ্যালয়ের সামনের মাঠে এ ঘটনা ঘটে। প্রধান শিক্ষক মো. আহসান হাবিব মোল্লার লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তদের করা একটি অভিযোগের বিরুদ্ধে তিনি বরিশালের সিনিয়র সহকারী জজ আদালতে দেওয়ানি মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে বিচারাধীন। এরই ধারাবাহিকতায় বিষয়টি তদন্ত করতে শনিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা বিদ্যালয়ে সরজমিন উপস্থিত হন।
অভিযোগ রয়েছে, তদন্ত চলাকালে স্থানীয় জাকির হাওলাদার, আনোয়ার হাওলাদার, মাসুদ হাওলাদার, বশির হাওলাদার, সুলতান হাওলাদার, মতি ও বজলু হাওলাদারসহ আরও কয়েকজন তদন্ত কর্মকর্তাদের সামনেই প্রধান শিক্ষক ও তার সঙ্গে থাকা ব্যক্তিদের অকথ্য গালিগালাজ করে। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তদন্ত কর্মকর্তারা ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য হন। প্রধান শিক্ষকের অভিযোগ, তদন্ত কর্মকর্তারা চলে যাওয়ার পর অভিযুক্তরা আরও বেপরোয়া হয়ে ওঠে। বিদ্যালয়টি তাদের বাড়ির সামনে হওয়ায় সেখানে নিজেদের আধিপত্য বিস্তারের চেষ্টা চালিয়ে আসছিল তারা। এরই জের ধরে কোনো ধরনের উস্কানি ছাড়াই প্রধান শিক্ষক ও তার সঙ্গে থাকা ব্যক্তিদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।
এ সময় প্রধান শিক্ষককে মারধর ও লাঞ্ছিত করা হয়। বিদ্যালয়ের নারী অফিস সহকারী লামিয়া আক্তারকে শ্লীলতাহানির চেষ্টাও করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। হামলায় সাংবাদিক মোহসীন হোসেন মোল্লাসহ চারজন আহত হন। আহতদের কয়েকজনকে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রধান শিক্ষকের একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
