দেশব্যাপী নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের নেতাকর্মীরা। গতকাল সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। এ সময় আওয়ামী লীগ ও ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন স্লোগান দেন অংশগ্রহণকারীরা।
সমাবেশে সভাপতিত্ব করেন ফোরামের আহ্বায়ক ও জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার। প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) ও জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের শাখা সভাপতি অধ্যাপক মোহাম্মদ শামছুল আলম। অধ্যাপক শামছুল আলম বলেন, গোপালগঞ্জের ঘটনার মাধ্যমে আওয়ামী লীগ সারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। আগামী ১৯শে নভেম্বর নিষিদ্ধ ছাত্রলীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচি মোকাবিলায় জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর ঐক্য প্রয়োজন। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হলেও পুলিশ কার্যকর পদক্ষেপ নেয়নি বলেও অভিযোগ করেন তিনি।
অধ্যাপক মাফরুহী সাত্তার বলেন, মতপ্রকাশের স্বাধীনতা সবার রয়েছে। তবে সাধারণ মানুষের গাড়িতে আগুন দেয়া, মানুষ হত্যা ও বাড়িঘরে হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে সরকারকে আইনানুগ ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তিনি।
সমাবেশে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ সোহেল রানা, প্রক্টর অধ্যাপক মোহাম্মদ আব্দুল হালিম, জিয়া পরিষদের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি অধ্যাপক মোহাম্মদ মোস্তফা নাজমুল মানছুর এবং বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের ভারপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক আবু সাঈদ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান প্রমুখ।
