গাজীপুরে গার্মেন্টস শ্রমিক অসন্তোষের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং মাঠপর্যায়ে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের মনোবল চাঙ্গা রাখতে সরজমিন বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার ডিআইজি মো. আশিক সাঈদ, পিপিএম। গতকাল গাজীপুরের চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাস ও নাওজোড় এলাকায় যান তিনি। এ সময় শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন করা জিএমপি’র কর্মকর্তা ও ফোর্সের সার্বিক অবস্থার খোঁজখবর নেন এবং দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পরিদর্শনকালে কমিশনার মাঠপর্যায়ে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত হন। পাশাপাশি উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সতর্কতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে জিএমপি’র দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও ফোর্সের পাশাপাশি দায়িত্ব পালনরত আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), ট্যুরিস্ট পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সঙ্গেও কথা বলেন কমিশনার মো. আশিক সাঈদ।
তিনি তাদের সার্বিক অবস্থার খোঁজখবর নেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পারস্পরিক সমন্বয়, সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। গাজীপুরের শিল্পাঞ্চলসহ মহানগরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জিএমপি সদস্যরা দায়িত্ব পালন করছেন। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা ও মাঠপর্যায়ের তদারকি অব্যাহত রয়েছে।
