বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সার্বিক সংকট নিরসন ও দাবি-দাওয়া দ্রুত পূরণ করা হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে প্রতিষ্ঠিত বিভাগীয় এই বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে দু’টি ইলেকট্রনিক বাস দেয়া হবে। সোমবার বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভিসি শিক্ষামন্ত্রীর কাছে বিভিন্ন সংকটের কথা তুলে ধরেন। এর পরিপ্রেক্ষিতে শিক্ষামন্ত্রী দ্রুততম সময়ের মধ্যে এসব সমস্যা সমাধানের আশ্বাস দেন। এহছানুল হক মিলন বলেন, ‘ভিসি আমাকে বেশকিছু সংকটের কথা জানিয়েছেন। দ্রুত সময়ের মধ্যে এসব সমাধানের চেষ্টা করা হবে।’ তিনি বলেন, ২০২৬-২৭ অর্থবছরে একাডেমিক ভবন ও অডিটোরিয়ামের জন্য শিগগিরই বাজেট দেয়া হবে। এরপর আবাসিক হলসহ অন্য অবকাঠামোগত উন্নয়নের দিকে নজর দেয়া হবে। এ সময় শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ের ইটের রাস্তায় হাঁটতে আমার ভালো লাগেনি। আমরা চেষ্টা করবো দ্রুত সময়ে পাকা রাস্তার ব্যবস্থা করার।
শিক্ষাব্যবস্থা নিয়ে তিনি বলেন, ‘২০০১-২০০৬ মেয়াদে শিক্ষাব্যবস্থাকে যে অবস্থানে রেখে আসা হয়েছিল, এখন সেখানে নেই। বিগত সরকার শিক্ষাব্যবস্থাকে পেছনের দিকে নিয়ে গেছে। সরকার ভোকেশনাল শিক্ষায় গুরুত্ব দিচ্ছে।’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভিসি প্রফেসর ড. মো. মামুন অর রশিদ। সম্মানিত অতিথি ছিলেন ইউট্যাবের মহাসচিব প্রফেসর ড. মোর্শেদ হাসান খান। ওরিয়েন্টেশন বক্তা ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. আব্দুল্লাহ-আল-মামুন। বিশেষ অতিথি ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক এডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ভিসি প্রফেসর ড. গোলাম রব্বানী।
