সিদ্ধিরগঞ্জে ককটেল বিস্ফোরণের অভিযোগে আওয়ামী লীগের ৩০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

ফন্ট সাইজ:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সড়ক অবরোধ, বিশৃঙ্খলা সৃষ্টি ও সরকারবিরোধী স্ল্লোগান দেয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২০ থেকে ৩০ জন অজ্ঞাতনামা নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। গত ১০ই নভেম্বর রাত ৭টা ৫০ মিনিটের দিকে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি কড়ইতলা এলাকায় এ ঘটনা ঘটে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় গত ১৩ই নভেম্বর রাতে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ওয়ালিউল্লাহ বাদী হয়ে মামলাটি করেন।

জানা যায়, ঘটনার দিন রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, জালকুড়ি কড়ইতলা এলাকায় চাষাঢ়াগামী সড়কে নাশকতার উদ্দেশ্যে একদল লোক জড়ো হয়েছে। খবর পেয়ে রাত ৮টা ৫ মিনিটে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় আবু বকর সিদ্দিক (রা:) মসজিদের সামনে ২০ থেকে ৩০ জনকে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সড়ক অবরোধ করতে দেখা যায়।

অভিযোগে বলা হয়, ওই ব্যক্তিরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেন এবং ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ও ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন সরকারবিরোধী স্ল্লোগান দেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে তাদের আটকের চেষ্টা করেও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এজাহারে আরও উল্লেখ করা হয়, অভিযুক্ত ব্যক্তিরা সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় যানবাহন, অফিস ও দোকানে অগ্নিসংযোগ এবং ভাঙচুরসহ বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।

এ ঘটনায় দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ১৪৮ ও ১৪৯ ধারা এবং বিস্ফোরক উপাদানাবলি আইনের ৩ ও ৬ ধারায় মামলা করা হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, এজাহারের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে। আসামিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।