সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে দুই দিনব্যাপী আন্তর্জাতিক খতমে নবুওয়াত মহাসম্মেলন সম্পন্ন হয়েছে। শনি ও রোববার মহাসম্মেলনে বক্তারা কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি জানিয়ে সরকারি দল ও বিরোধী দলের প্রতি জাতীয় সংসদে এ বিষয়ে বিল উত্থাপন করে পাস করার আহ্বান জানিয়েছেন। সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির কেন্দ্রীয় আমীর ও হেফাজতে ইসলামের নায়েবে আমীর মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর বলেন, খতমে নবুওয়াতের পবিত্র আকিদা সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে এ বিষয়ে সঠিক ইসলামী শিক্ষা পৌঁছে দিতে ওলামায়ে কেরাম, মসজিদ-মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব ও ফকিহে মিল্লাত মুফতি আব্দুল মালেক বলেন, খতমে নবুওয়াতের আকিদা ইসলামের অন্যতম মৌলিক ও অপরিহার্য বিশ্বাস।
মহানবী হযরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী ও রাসূল। তার পরে আর কোনো নবী আসবেন না। এ আকিদা মুসলিম উম্মাহর ইমানের অবিচ্ছেদ্য অংশ। মহাসম্মেলনের প্রথম দিনে অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি এবং শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি।
দেশ-বিদেশের বিশিষ্ট আলেম ও অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন পশ্চিমবঙ্গের সাবেক গণশিক্ষা ও গ্রন্থাগার মন্ত্রী এবং জমিয়তে উলামায়ে হিন্দ পশ্চিমবঙ্গের সভাপতি মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী, আযাদ দ্বীনি এদারায়ে তালিমের সভাপতি মাওলানা শায়খ জিয়া উদ্দিন, শায়খুল হাদীস মাওলানা আলিমুদ্দীন দুর্লভপুরী, সিলেটের কানাইঘাট-জকিগঞ্জের সংসদ সদস্য ও ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মুফতি আবুল হাসান এমপি, অধ্যাপক মাওলানা মুহিব্বুর রহমান, নাযিমে এদারা শায়খ মাওলানা আব্দুল বাছীর, মুফতি আব্দুল মুনতাকিম (যুক্তরাজ্য), ড. মাওলানা শুয়াইব আহমদ (যুক্তরাজ্য) এবং বিশিষ্ট গবেষক ও লেখক মাওলানা মুসা আল হাফিজ, মুফতি আব্দুল মজিদ, মাওলানা হোসাইন আহমদ মারকাজুদদাওয়া, মুফতি শফি কাসেমী বগুড়া।
