চট্টগ্রামের সীতাকুণ্ডে ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই প্লাস্টিক কারখানা নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মান্দারীটোলা এলাকায় ‘মাস্টার ক্রাফট এক্সেসরিজ’ নামের প্রতিষ্ঠানটির নির্মাণকাজ ঘিরে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। গতকাল সরজমিন স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, আবাসিক এলাকায় কারখানাটি চালু হলে প্লাস্টিক গলানোর ধোঁয়া, দুর্গন্ধ ও রাসায়নিক বর্জ্যের কারণে পরিবেশ দূষণের পাশাপাশি প্রায় ১০ হাজার মানুষ স্বাস্থ্যঝুঁকিতে পড়তে পারেন বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।
কারখানা-সংলগ্ন বাড়ির মালিক, বাড়বকুণ্ড ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ও সীতাকুণ্ড পৌরসভার কথাকলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল আলিম বলেন, ‘আমার বাড়ির পাশেই কারখানাটি নির্মাণ করা হচ্ছে। চারপাশে অসংখ্য বসতবাড়ি রয়েছে। এটি সম্পূর্ণ আবাসিক এলাকা। এখানে প্লাস্টিক কারখানা চালু হলে প্রায় ১০ হাজার মানুষ মারাত্মক স্বাস্থ্য ও পরিবেশগত ঝুঁকিতে পড়তে পারেন।
এলাকাবাসীর দাবি, জনবসতিপূর্ণ এলাকায় এ ধরনের শিল্প প্রতিষ্ঠান নির্মাণের আগে পরিবেশগত ছাড়পত্রসহ প্রয়োজনীয় সব অনুমোদন নিশ্চিত করা জরুরি। তারা কারখানাটির নির্মাণকাজ ও অনুমোদনের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে পরিবেশ অধিদপ্তর ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। এদিকে কারখানাটিতে পাহারার দায়িত্বে থাকা দুই নিরাপত্তাকর্মী কাশেম ও বেলাল জানান, প্রতিষ্ঠানটির মালিক মো. শফিকুর রহমান বর্তমানে দেশের বাইরে রয়েছেন। এ বিষয়ে বক্তব্য জানতে চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।
