গাজীপুরের কাশিমপুর হাই-সিকিউরিটি কারাগারে ডাবল হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক কয়েদির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গত রোববার দিবাগত রাত ১টার দিকে কারাগারের হিমেল ভবনের নিচতলার সেল থেকে ওই কয়েদির মরদেহ উদ্ধার করা হয় বলে জানান কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আব্দুল্লাহ-আল-মামুন। নিহত কয়েদি মো. ফরহাদ টাঙ্গাইল জেলার সদর থানার শালিনাপাড়া গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে। গত রোববার কারাগারের কয়েদির গণনা করে লকার করা হয়।
কারাগারের হিমেল ভবনের নিচতলার টাঙ্গাইলের এক নারী ও পুরুষ হত্যা মামলার আসামি অর্থাৎ ডাবল হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ফরহাদ তার দুই কেস পার্টনারসহ তিনজন বন্দি ছিল। ওইদিন দিবাগত রাতে তাকে সেলের জানালার মধ্যে গামছা দিয়ে ফাঁস লাগানো দেখতে পায় তার দুই কেস পার্টনার। খবর পেয়ে কারাগারের কর্মকর্তারা ওই অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। পরে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফরহাদ টাঙ্গাইল মডেল থানার দু’টি মামলায় ডাবল মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি হিসেবে কারাগারে ছিল। সে প্রায় বছরখানেক ধরে তীব্র মাথাব্যথা, দৃষ্টিজনিত বিভ্রম সমস্যাসহ কয়েকটি রোগে ভুগছিল বলে জানায় কারা কর্তৃপক্ষ।
