১০ প্লাটুন বিজিবি মোতায়েন

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ

১০ প্লাটুন বিজিবি মোতায়েন

ফন্ট সাইজ:

গাজীপুরের কোনাবাড়ী এলাকায় সকালে এবং ভোগড়া ও নাওজোর এলাকায় বিকালে পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছে। সকালে তারা কোনাবাড়ী-কাশিমপুর আঞ্চলিক সড়কে বিক্ষোভ করলে আইনশৃঙ্খলা বাহিনী টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। বিকালে ভোগড়া বাইপাস এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এবং নাওজোর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল করে অবরোধের চেষ্টা করলে তাদের ছত্রভঙ্গ করে যান চলাচল স্বাভাবিক করা হয়। এদিকে গাজীপুরের ১৭টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। একদিনের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে কয়েকটি কারখানা।

এ ছাড়া সব কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক ছিল। সড়ক-মহাসড়কের পরিস্থিতি ও দিনভর মোটামুটি স্বাভাবিক ছিল। সোমবার সকালে কোনাবাড়ী শিল্প এলাকার দু’টি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে কারখানার সামনের ওই সড়কে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা শ্রমিকদের সড়ক থেকে সরে যেতে অনুরোধ করেন। এ সময় শ্রমিকরা উত্তেজিত হয়ে ওঠে। পরে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এতে পরিস্থিতি স্বাভাবিক হয়। মজুরি বোর্ডের মিটিং স্থগিতের খবর ছড়িয়ে পড়লে দুপুরের পর চন্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে নেমে আসে আশপাশের কারখানার শ্রমিকরা। তারপর ভোগরা বাইপাস এলাকায়ও একই অবস্থার সৃষ্টি হয়। আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা তাদেরকে মহাসড়ক থেকে সরিয়ে দিলে সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়। তবে দুপুরের পর নগরীর নাউজুর এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের শ্রমিকরা বিক্ষোভ করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবরোধের চেষ্টা করে। আইনশৃঙ্খলা বাহিনী তাদের সরিয়ে দেয়ার চেষ্টা করলে বিক্ষুব্ধরা ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এ সময় কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। আহত হয় কয়েকজন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষুব্ধ লোকজনকে ছত্রভঙ্গ করে দেয়।

এতে ওই মহাসড়কের যান চলাচল স্বাভাবিক হয়। দুপুরে শ্রমিক অসন্তোষের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং মাঠপর্যায়ে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের মনোবল চাঙা রাখতে সরজমিন বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার ডিআইজি মো. আশিক সাঈদ, পিপিএম। নগরীর চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাস ও নাওজোড় এলাকায় যান তিনি। এ ছাড়া দিনভর শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে শিল্প পুলিশের পাশাপাশি এসআরবি, বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থানসহ টহল দিতে দেখা গেছে। গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, গত কয়েকদিনের ঘটনায় ১৭টি কারখানা বন্ধ রয়েছে। বাকি কারখানাগুলোতে উৎপাদন প্রক্রিয়াও স্বাভাবিক রয়েছে। শিল্পাঞ্চলে অতিরিক্ত সংখ্যক পুলিশের পাশাপাশি বিজিবিসহ অন্যান্য অঞ্চলে বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়েছে পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও জননিরাপত্তায় গাজীপুরে ১০ প্লাটুন বিজিপি মোতায়ন রয়েছে।