ধলাইর ভাঙনে ঝুঁকিতে ৭০ বছরের মাদ্রাসা

ধলাইর ভাঙনে ঝুঁকিতে ৭০ বছরের মাদ্রাসা

ফন্ট সাইজ:

ধলাই নদীর ভয়াবহ ভাঙনে বিলীনের পথে পূর্বধলার ৭০ বছরের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া দারুস সুন্নাহ শরীফপুর মাদ্রাসা। নদীর অব্যাহত ভাঙনে প্রতিষ্ঠানটির অবকাঠামো এখন চরম ঝুঁকির মুখে। ১৯৫৫ সালে প্রতিষ্ঠিত এই মাদ্রাসা একসময় বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের অন্যতম দ্বীনি শিক্ষাকেন্দ্র ছিল। এখানে দাওরায়ে হাদিস (মাস্টার্স সমমান) পর্যন্ত পাঠদান হতো। দূর-দূরান্ত থেকে শিক্ষার্থীরা আসতেন হাদিসের জ্ঞান নিতে। স্থানীয়রা জানান, এর আগেও কয়েক দফায় মাদ্রাসার মূল ভবন নদীগর্ভে বিলীন হয়েছে। প্রতিবারই এলাকাবাসী নিজ উদ্যোগে প্রতিষ্ঠানটি সরিয়ে নতুন করে গড়ে তুলেছেন। কিন্তু বারবার ভাঙন আর আর্থিক সংকটে একসময় বন্ধ হয়ে যায় দাওরায়ে হাদিস বিভাগ। বর্তমানে মাদ্রাসাটি নদীর একেবারে তীরে। স্রোতে পাড়ের মাটি সরে যাওয়ায় বাকি ভবনগুলোও ঝুঁকিতে রয়েছে। নানা সীমাবদ্ধতার মধ্যেও এখনো শিক্ষা কার্যক্রম চলছে। পুরুষ শাখায় নূরানী, হিফজ ও হেদায়াতুন নাহু পর্যন্ত এবং মহিলা শাখায় মেশকাত জামাত পর্যন্ত পড়ানো হচ্ছে।

এলাকাবাসীর অভিযোগ, ভাঙন রোধে এখনো কোনো স্থায়ী বাঁধ বা ব্লক বসানো হয়নি। তাদের দাবি, দ্রুত সরজমিন পরিদর্শন করে ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নিতে হবে। এ বিষয়ে পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার মো. শফিকুল ইসলাম বলেন, সরজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয়দের আশঙ্কা, সময়মতো ব্যবস্থা না নিলে ৭০ বছরের এই প্রতিষ্ঠানটি হারিয়ে যাবে নদীগর্ভে।