কমলগঞ্জে হত্যা মামলার বাদীর স্বজনদের হয়রানির অভিযোগ

কমলগঞ্জে হত্যা মামলার বাদীর স্বজনদের হয়রানির অভিযোগ

ফন্ট সাইজ:

মৌলভীবাজারের কমলগঞ্জে রোজিনা বেগম হত্যা মামলার বাদীর স্বজনদের নানাভাবে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। সোমবার বিকালে কমলগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন মামলার বাদী ও নিহত স্কুলশিক্ষক রোজিনা বেগম এর ভাবী তাসলিমা আক্তার শিপা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তাসলিমা আক্তার শিপা বলেন, ‘২০২৫ সালের ২৬শে মে কমলগঞ্জ উপজেলার ভাসানীগাঁও গ্রামে আমাদের ভোগদখলীয় জমিতে মাটি কাটার প্রতিবাদ করায় স্থানীয় আব্দুর রহিম ও তার সহযোগীদের হামলায় স্কুল শিক্ষিকা রোজিনা বেগম নিহত হন এবং কয়েকজন আহত হন। এ ঘটনায় পরে রেজাউর করিম সাগরকে প্রধান আসামি করে ছয়জনের নামে কমলগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করা হয়। মামলার আসামিরা পরবর্তীতে জামিনে মুক্ত হয়ে জেলহাজত থেকে বেরিয়ে এসে মামলা তুলে নিতে নানাভাবে হুমকি এবং লোক মারফতে আপস মীমাংসার প্রস্তাব দেয়। তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় আগের মতো যড়যন্ত্র করে গত ১২ই নভেম্বর দিবাগত রাতে প্রতিপক্ষরা নিজেদের বাড়িতে একটি পুরনো গাড়িতে আগুন দিয়ে আমাদের স্বজনদের মামলায় জড়ায়। মামলায় আসামী করা হয় আমার স্বামী শাহজাহান মিয়াকে। অথচ গাড়ি পোড়ানোর ঘটনার দিন আমার স্বামী শাহজাহান মিয়া ঘটনাস্থল থেকে প্রায় শত কিলোমিটার দূরে শেরপুরের ইনাতগঞ্জে অবস্থান করছিলেন।’

সংবাদ সম্মেলনে শিপা বলেন, হত্যা মামলার প্রধান আসামি রেজাউল করিম সাগর জামিনে পালিয়ে বেড়াচ্ছে উল্লেখ করে তীব্র নিন্দা জানানো হয় এবং দ্রুত ন্যায়বিচার ও জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়ে বলেন, আমরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছি। আমরা নিরাপত্তা চাই, ন্যায় বিচার চাই। সংবাদ সম্মেলনে নিহত রোজিনার পুত্র রেজুয়ান তাওয়াব বলেন, আমি আমার মায়ের হত্যার বিচার চাই। এ কথা বলে কান্নায় ভেঙে পড়ে শিশুটি। সংবাদ সম্মেলনে নিহত রোজিনার ছোট ভাবী নুরুন নাহার লুবনা, রোজিনার বোন রুনা বেগম, ভাগনি রেজওয়ানা আক্তার উপস্থিত ছিলেন।