পঞ্চগড়ের দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে টেলিফোন সংযোগ নেই। অথচ ২০২৫-২৬ অর্থবছরে টেলিফোন ও সংশ্লিষ্ট সরঞ্জাম কেনার কথা বলে ৪৯ হাজার ৫০০ টাকা উত্তোলন করা হয়েছে। অনুসন্ধানে দেখা গেছে, কেনাকাটার তালিকায় থাকা দু’টি টেলিফোন সেট ২০২২ সালেই প্রতিষ্ঠানটিতে সরবরাহ করা হয়েছিল। এ ঘটনায় হিসাবরক্ষক ফরহাদ হোসেনের যোগসাজশে ভুয়া বিল-ভাউচার তৈরি করে সরকারি অর্থ উত্তোলনের অভিযোগ উঠেছে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মোস্তফা কামালের বিরুদ্ধে। বৃহস্পতিবার সরজমিন প্রতিষ্ঠানে কোনো টেলিফোন সংযোগ পাওয়া যায়নি।
অধ্যক্ষ দাবি করেন, টেলিফোনসহ প্রয়োজনীয় সরঞ্জাম কেনা হয়েছে, তবে সংযোগ স্থাপন না হওয়ায় সেগুলো স্টোররুমে রাখা হয়েছে। পরে প্রতিষ্ঠানের স্টোরের দায়িত্বে থাকা কেয়ারটেকার শারমিন বেগম স্টোররুমে গিয়ে প্যানাসনিক ব্র্যান্ডের দু’টি টেলিফোন সেট দেখান। তবে সংযোগ স্থাপনের জন্য কেনা অন্য কোনো সরঞ্জাম তিনি পাননি বলে জানান। স্টোররুমের নথিতে দেখা যায়, ২০২২ সালে আলফাসফট টেকনোলজি লিমিটেড থেকে সরবরাহ করা ১১ ধরনের সরঞ্জামের তালিকায় সাত নম্বরে প্যানাসনিক কেএক্স-টি৭৭৩০ মডেলের দু’টি টেলিফোন সেট রয়েছে। সেগুলো গ্রহণ করেছিলেন তৎকালীন অধ্যক্ষ আমিনুল হক ও স্টোরকিপার শারমিন বেগম। শারমিন বলেন, টেলিফোন দু’টি আমিনুল স্যারের সময় নেয়া হয়েছিল। এরপর নতুন কোনো টেলিফোন বা সরঞ্জাম তার কাছে রাখা হয়নি। বিটিসিএলের দেবীগঞ্জ কার্যালয় থেকেও নিশ্চিত হওয়া গেছে, প্রতিষ্ঠানটির নামে কোনো টেলিফোন সংযোগ নেই।
কার্যালয়ের লাইনম্যান হাসিবুল ইসলাম জানান, অধ্যক্ষ কয়েকবার সংযোগের সরঞ্জামের হিসাব নিলেও পরে আর যোগাযোগ করেননি। প্রতিষ্ঠানটির আর্থিক নথি অনুযায়ী, গত ২১শে জুন টেলিফোন খাতের ৫০ হাজার টাকা বরাদ্দ থেকে ৪৯ হাজার ৫০০ টাকা উত্তোলন করা হয়। এ জন্য মা ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিকসের ৩৯০৫ নম্বর ভাউচার ব্যবহার করে ৩১ হাজার ৫০০ টাকার কপার ক্যাবল, ১৬ হাজার টাকার দু’টি টেলিফোন সেট এবং ২ হাজার টাকার দু’টি কানেক্টিং বক্স ক্রয়ের বিল তৈরি করে অর্থ উত্তোলন করা হয়। দোকানের মালিক মো. আইনুল ইসলাম জানান, তার দোকানে টেলিফোন ও কানেক্টিং বক্স বিক্রি হয় না। টেকনিক্যাল স্কুলের কেউ তার কাছ থেকে এসব মালামাল কেনেননি। ভাউচারের লেখাও তার নয়। দোকানের ভাউচার বইয়ে সংশ্লিষ্ট ভাউচারের কার্বন কপিও পাওয়া যায়নি।
অন্যদিকে ভাউচারের হাতের লেখার সঙ্গে হিসাবরক্ষক ফরহাদ হোসেনের লেখার মিল রয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের একাধিক ব্যক্তি।
এ ব্যাপারে ফরহাদ হোসেন মুঠোফোনে বক্তব্য দিতে রাজি হননি। অধ্যক্ষ মোস্তফা কামালও বক্তব্য দিতে সম্মত নন। কারিগরি শিক্ষা অধিদপ্তরের রংপুর অঞ্চলের পরিচালক (উপ-সচিব) নাহিদ ইসলাম বলেন, বিষয়টি তার নজরে এসেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
