পটিয়ার পাহাড়ি জনপদে মাদক ও চোলাই মদের কারবার

ফন্ট সাইজ:

চট্টগ্রামের পটিয়া উপজেলায় মাদকদ্রব্যের অবাধ প্রবেশ, বিক্রি ও সরবরাহ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নজরদারি সত্ত্বেও উপজেলার বিভিন্ন এলাকায় মাদক কারবারের নেটওয়ার্ক সক্রিয় রয়েছে। বিশেষ করে পাহাড়ি জনপদ, দুর্গম এলাকা এবং বনাঞ্চলকে ব্যবহার করে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য ও দেশীয় চোলাই মদ পরিবহনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের উত্থাপিত অভিযোগ অনুযায়ী, করলডেঙ্গা পাহাড়, শ্রীমাই বিট ফরেস্ট অফিস-সংলগ্ন এলাকা, কেলিশহর, হাইদগাঁও খরনার কাঞ্চনাবাদ পাহাড়সহ কয়েকটি পাহাড়ি এলাকায় মাদক ও চোলাই মদের উৎপাদন, মজুত কিংবা পরিবহনের সম্ভাব্য তৎপরতা রয়েছে। কোথাও কোথাও গোপন পথ ও কথিত সুড়ঙ্গ ব্যবহার করে মাদক আনা-নেয়া করছে।

তবে এসব অভিযোগের সত্যতা এখনো স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। সরেজমিন তদন্ত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের।
স্থানীয়দের মতে, দুর্গম পাহাড়ি এলাকা ও বনাঞ্চলের আশপাশে নিয়মিত নজরদারি না থাকলে অপরাধীরা সেই সুযোগ কাজে লাগাতে পারে। পাহাড়ের ভেতরে কিংবা পাহাড়সংলগ্ন জনপদে কোনো অবৈধ মদ তৈরির কারখানা, মজুতকেন্দ্র বা মাদক পরিবহনের নেটওয়ার্ক গড়ে উঠেছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।

বিশেষ করে শ্রীমাই বিট ফরেস্ট অফিসের আশপাশ, ডেঙ্গা পাহাড়, খরনা ও কাঞ্চনাবাদ এলাকার বিষয়ে স্থানীয়দের অভিযোগ গুরুত্বের সঙ্গে যাচাই করা দরকার। এসব এলাকায় বন বিভাগের কর্মকর্তা, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে যৌথ পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনার দাবি উঠেছে। মাদকের বিস্তার শুধু আইনশৃঙ্খলার সমস্যা নয়; এটি সামাজিক ও পারিবারিক সংকটও তৈরি করছে। যুবসমাজ ধ্বংসের পথে। মাদকের সহজলভ্যতায় তরুণদের একটি অংশ আসক্তির ঝুঁকিতে পড়েছে।

সচেতন মহলের মতে, পটিয়ার তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে এখনই কার্যকর পদক্ষেপ নেয়া প্রয়োজন। শুধু মাদকসেবীদের আটক করলেই সমস্যার সমাধান হবে না, মাদকের মূল সরবরাহকারী, পাইকারি বিক্রেতা, অর্থের জোগানদাতা ও সংগঠিত চক্রের বিরুদ্ধে তদন্ত করার দাবি জানিয়েছে স্থানীয়রা। তবে একটি বা একাধিক অভিযান দিয়ে পুরো সরবরাহ নেটওয়ার্ক নির্মূল করা সম্ভব নয়। প্রয়োজন ধারাবাহিক গোয়েন্দা তৎপরতা উৎসভিত্তিক তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। এসব বিষয়ে নজরদারি বাড়িয়ে মাদক ও ইয়াবা কারবারিদের আইনের আওতায় আনতে এমপি আলহাজ এনামুল হক এনামসহ ঊর্ধ্বতন পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।