নাটোর সদরে জয় বাংলা স্লোগান দিয়ে ফাঁকা গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। গত রোববার রাত ১১টার দিকে নাটোর সদরের দত্তপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান নাটোর সদর থানার ওসি মো. মনসুর রহমান। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১১টার দিকে দত্তপাড়া বাজারে তিনটি মাইক্রোবাস ২০ থেকে ২৫ জন লোক এসে জয় বাংলা স্লোগান দিয়ে নাটোর-বনপাড়া মহাসড়কে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এরপর প্রায় শতাধিক ফাঁকা গুলিবর্ষণ করে। মুহূর্তেই চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়লে দত্তপাড়া বাজার ফাঁকা হয়ে যায়। কিছুক্ষণ পরে আবার জয় বাংলা স্লোগান দিয়ে মাইক্রোবাসে বনপাড়ার দিকে চলে যায় গুলি ও ককটেল ছোড়া দলটি।
নাটোর সদর থানার ওসি মনসুর রহমান বলেন, কারা ককটেল ও গুলি ছুড়েছে তাৎক্ষণিক জানা যায়নি। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে মাঠে কাজ করছে পুলিশ। এদিকে, এ ঘটনায় দুর্বৃত্তদের দ্রুত গ্রেপ্তার ও নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা রুখতে দত্তপাড়া বাজারে বিক্ষোভ করেছে নাটোর জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
