ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একের পর এক মন্দির ও বাড়ির ঠাকুরঘরে দুঃসাহসিক চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সর্বশেষ রোববার রাতে উপজেলা সদরের মধ্যপাড়ায় প্রয়াত ডা. শান্তি রঞ্জন সাহার বাড়ির ঠাকুরঘরে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় ৪ লাখ টাকার স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল চুরি হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। পরিবারের সদস্য সীমা রানী সাহা জানান, সোমবার ভোরে ঠাকুরঘরে প্রণাম করতে গিয়ে তারা দরজা খোলা ও তালা ভাঙা দেখতে পান।
ভেতরে প্রবেশ করে সবকিছু তছনছ অবস্থায় দেখতে পান। এ সময় লক্ষ্মী ও রাধাকৃষ্ণের বিগ্রহে থাকা চেইন, নাকফুল, বালা ও প্রায় এক ভরির বেশি স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল চুরি হয়েছে। এর আগে গত শুক্রবার রাতে নবীনগর সদরের পশ্চিমপাড়ার শ্রীশ্রী ভবতারিণী কালীমন্দিরে চুরির ঘটনা ঘটে। কয়েক দিন আগে নবীনগর কেন্দ্রীয় কালীবাড়িতেও চুরির ঘটনা ঘটে।
একের পর এক মন্দিরে চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের দাবি, দ্রুত চুরির ঘটনাগুলো তদন্ত করে জড়িতদের শনাক্ত ও চুরি হওয়া মালামাল উদ্ধারের পাশাপাশি মন্দিরগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। খবর পেয়ে নবীনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নবীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) রাজীব কান্তি নাথ বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। রাতে পুলিশের টহলও বাড়ানো হয়েছে।
