কুমিল্লায় ডেনিম গার্মেন্টস বন্ধ ঘোষণা

কুমিল্লায় ডেনিম গার্মেন্টস বন্ধ ঘোষণা

ফন্ট সাইজ:

কুমিল্লার চান্দিনায় বেতন পরিশোধ নিয়ে শ্রমিক অসন্তোষের জেরে ‘ডেনিম প্রসেসিং প্লান্ট লিমিটেড’ নামের একটি পোশাক কারখানা ৩০ দিনের জন্য বন্ধ ঘোষণার নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ। এতে বিপাকে পড়েছেন কারখানাটির সহস্রাধিক শ্রমিক ও তাদের পরিবার। গত রোববার চান্দিনার বেলাশহর এলাকায় অবস্থিত কারখানাটির প্রধান ফটকে বন্ধের নোটিশ দেয়া হয়। অক্টোবর মাসের বকেয়া বেতন পরিশোধে মালিকপক্ষের সময় চাওয়া এবং নির্ধারিত সময়ের মধ্যে বেতন না পাওয়াকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। একপর্যায়ে শ্রমিক আন্দোলনের আশঙ্কায় কারখানা বন্ধের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। কারখানার নোটিশে বলা হয়, সব শ্রমিকের উপস্থিতিতে কারখানার সব সেকশন চালু হলে অক্টোবর মাসের বেতন আগামী ৩০শে নভেম্বর পরিশোধ করা হবে।

অন্যথায় বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী কর্তৃপক্ষের সিদ্ধান্তক্রমে ১৪ই নভেম্বর থেকে আগামী ৩০ দিন, অর্থাৎ ১৩ই ডিসেম্বর পর্যন্ত কারখানার সব কার্যক্রম বন্ধ থাকবে। এদিকে, কাজে যোগ দিতে এসে কারখানার ফটকে বন্ধের নোটিশ দেখে ফিরে যান শত শত শ্রমিক। এতে আর্থিক সংকটে পড়ার আশঙ্কা করছেন শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা। শুধু কারখানার শ্রমিক নয়, তাদের ঘিরে গড়ে ওঠা বেলাশহর এলাকার ব্যবসা প্রতিষ্ঠানগুলোতেও পড়েছে এর প্রভাব। তবে শ্রমিকদের অভিযোগের বিষয়ে ভিন্ন বক্তব্য দিয়েছেন কারখানাটির পরিচালক মো. আলমগীর হোসেন। তিনি বলেন, ব্যাংক থেকে প্রয়োজনীয় আর্থিক সহযোগিতা পাচ্ছেন না তারা। পোশাক শিফটমেন্ট দিতে পারলেই কারখানা চালানো সম্ভব। কিন্তু শ্রমিকরা বিভিন্ন অজুহাতে নিয়মিত কাজে আসেন না এবং ওভারটাইম করতেও চান না। ফলে নির্ধারিত সময়ে পোশাক সরবরাহ করা সম্ভব হচ্ছে না। শ্রমিকদের পাওনা হিসেবে শুধু অক্টোবর মাসের বেতন বাকি রয়েছে। ১২ই নভেম্বরের সভায় ২৫ তারিখের মধ্যে বেতন পরিশোধের কথা জানানো হয়েছিল। কিন্তু শ্রমিকরা তা মানতে রাজি হননি।

এ বিষয়ে চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক জানান, তিনি চান্দিনায় যোগদানের পর থেকেই কারখানাটির শ্রমিকদের বেতন বকেয়া থাকার বিষয়টি শুনে আসছেন। আগে তিন-চার মাসের বেতন বকেয়া থাকতো। পরবর্তী সময়ে প্রশাসনের উদ্যোগে সভা করে প্রতি মাসের ১০ তারিখের মধ্যে বেতন পরিশোধের পরামর্শ দেয়া হলে মালিকপক্ষ তা মেনে নেয়। এবার শুধু এক মাসের বেতন বকেয়া রয়েছে। মালিকপক্ষ বেতন পরিশোধের জন্য ১৫ দিনের বেশি সময় চেয়েছিল। রোববার শ্রমিকদের বুঝিয়ে ২৫শে নভেম্বরের মধ্যে বেতন পরিশোধের দায়িত্ব নেয়ার কথাও জানানো হয়। কিন্তু শ্রমিকরা কারও কথাই শুনতে রাজি হননি। শ্রমিকরা কাজে ফিরলে মালিকপক্ষ কারখানা চালু করতে পারে বলে তারা জেনেছেন।