ঝিনাইদহে গভীর রাতে রেলস্টেশনে পেট্রোল বোমা হামলা

ঝিনাইদহে গভীর রাতে রেলস্টেশনে পেট্রোল বোমা হামলা

ফন্ট সাইজ:

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার রেলওয়ে স্টেশনে গভীর রাতে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা স্টেশন লক্ষ্য করে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে স্টেশনের কাঠের দরজায় আগুন ধরলেও কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

বারবাজার রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোবাশ্বের হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত ৩টার দিকে দুর্বৃত্তরা স্টেশনের অফিস কক্ষের দরজায় দু’টি এবং মালামাল রাখার বাক্সে একটি পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে কাঠের দরজায় আগুন ধরে যায়। তবে ওই সময় অফিসের ভেতরে লোকজন থাকায় তারা দ্রুত আগুন নিভিয়ে ফেলেন।

স্টেশন মাস্টার আরও জানান, ঘটনার সময় অফিস কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। এ কারণে ভেতরে থাকা কর্মচারী, আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্রের কোনো ক্ষতি হয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কালীগঞ্জ থানার ওসি জুলফিকার আলী জানান, স্টেশনে দুর্বৃত্তরা তিনটি ককটেলসদৃশ বস্তু নিক্ষেপ করে পালিয়ে যায়। তবে এতে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।