কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের ‘গোপন বৈঠকের’ অভিযোগে সিলেটের সারদা হলের রিহার্সেল কক্ষে তালা দিয়েছেন জাসাস নেতারা। একইসঙ্গে তারা শেখ মুজিবুর রহমানের ছবি সম্বলিত দেয়ালে টাঙ্গানো ফ্রেম খুলে নিয়েছে। গতকাল দুপুরে সিলেট জাসাসের নেতারা গিয়ে কক্ষটি তালাবদ্ধ করে দেন। পরে খুলে ফেলা সরঞ্জাম ও কক্ষের চাবি সিটি করপোরেশনের সচিবের কাছে জমা দেন। সারদা হল হচ্ছে সিলেটের ঐতিহ্যের স্মারক। সংস্কৃতির কেন্দ্রবিন্দুও। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সব কার্যক্রম সারদা হল থেকে পরিচালিত হয়। গণ-অভ্যুত্থানের পর জাসাসের নেতারা মিছিল সহকারে সারদা হলে যান। তারা ওই সময় হলের বিভিন্ন জায়গায় সাঁটানো শেখ মুজিবুর রহমানের ছবি সম্বলিত পোস্টার, ব্যানার সরিয়ে ফেলেন। এরপর থেকে অবশ্য বিভিন্ন দিবস উপলক্ষে সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালিত হয়ে আসছিল।
সিলেট জাসাসের নেতারা অভিযোগ করেছেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের দুই নেতা শামসুল ইসলাম সেলিম ও রজতকান্তি গুপ্ত সম্মিলিতি সাংস্কৃতিক জোটকে আওয়ামী লীগের অঙ্গসংগঠনে পরিণত করেছিল। সারদা হলে থেকে তারা তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। আমরা দীর্ঘদিন থেকে খবর পাচ্ছিলাম তারা এখানে জড়ো হয়ে সভা করে। তখন বিশ্বাস করিনি। তবে গত রোববার রাতে আমরা তাদের এরকম একটি প্রস্তুতির খবর পাই। জাসাস নেতারা জানান, ‘আজ আমরা এখানে এই সারদা হলে এসেছি। এখানে শেখ মুজিবের ছবিসহ ফ্যাসিস্টের দোসরদের ছবি অপসারণ করেছি। এখন আমরা এখানে তালা ঝুলিয়ে দিয়েছি। এই প্রতিষ্ঠানটির মালিক সিলেট সিটি করপোরেশন। আমরা চাবি সিসিক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছি।’ সিলেট জেলা জাসাসের সাধারণ সম্পাদক রায়হান হোসেন খান মানবজমিনকে জানিয়েছেন, সম্মিলিত সাংস্কৃতিক বা সাংস্কৃতিক কর্মকাণ্ড কোনো দলের নয়। এটা সর্বজনীন। এসব সংগঠনের কার্যক্রম কোনো দলের নয়। অথচ ১৭ বছর ধরে এ সংগঠনগুলোকে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট করা হয়েছে। এটি যারা করেছেন তারা গণ-অভ্যুত্থানের পর থেকে পলাতক রয়েছেন।
তিনি বলেন, এখনো সারদা হলে শেখ মুজিবের ছবি টাঙ্গানো হয়েছে। আওয়ামী লীগ নেতাদের ছবি টাঙ্গানো রয়েছে। আমরা খবর পাচ্ছি সাংস্কৃতিক সংগঠনের আড়ালে এখানে দলীয় কার্যক্রম চালানো হচ্ছে। তিনি বলেন, গোপনে সভা ও রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর কারণে আমরা এসে ছবির ফ্রেম নামিয়ে দিয়ে ওই কক্ষ তালা দিয়েছি। ওই কক্ষের চাবি ও উদ্ধার করা ফ্রেম সিটি করপোরেশনের সচিবের কাছে জমা দেয়া হয়েছে। সিলেট মহানগর জাসাসের সভাপতি রাসেল আহমদ জানিয়েছেন, সারদা হলে গোপন কার্যক্রম চালানোর অভিযোগ তদারকি প্রতিষ্ঠান সিটি করপোরেশনের প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেয়া হয়েছে। প্রশাসকসহ অনেককে বারবার বিষয়টি জানানো হয়েছে। কেউ এতে কর্ণপাত করেননি। উল্টো পলাতক গোষ্ঠী সাংস্কৃতিক কর্মকাণ্ডের আড়ালে এখানে জড়ো হচ্ছে। সভা করছে।
এ কারণে জাসাস নেতারা ঐক্যবদ্ধভাবে সেটি প্রতিহত করতে কক্ষে তালা ঝুলিয়ে দেয়া হয়েছে। তিনি বলেন, সারদা হল সিলেটের দলমত নির্বিশেষে সব মানুষের সাংস্কৃতিক কেন্দ্র। এটিকে অতীতে দলীয়ভাবে ব্যবহার করে বিতর্কিত করা হয়েছে। এদিকে জাসাস নেতাদের অভিযোগ ও গতকাল থেকে ছবি নামানো এবং তালা দেয়ার বিষয়ে অবগত নয় সিটি প্রশাসক ও জেলা বিএনপি সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি মানবজমিনকে জানিয়েছেন, কিছু কিছু জায়গায় এখনো ছবি আছে বলে শুনেছি। এসব স্থান চিহ্নিত করে ছবি নামানো হচ্ছে। তবে সারদা হলের কক্ষ তালা দেয়ার বিষয়টি তার জানা নেই বলে জানান।
