হবিগঞ্জের মাধবপুরে গ্যাস অনুসন্ধানে সিসমিক জরিপ চালাচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। জরিপের অংশ হিসেবে ভূগর্ভে কৃত্রিম কম্পন সৃষ্টি করা হচ্ছে। এতে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় বাড়িঘর কেঁপে উঠছে। হঠাৎ এমন কম্পনে ভূমিকম্পের আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। বিশেষ করে শিশু ও বয়স্করা পড়ছেন বেশি বিপাকে। স্থানীয়দের অভিযোগ, তেলিয়াপাড়া, সুরমা চা-বাগান ও তেলিয়াপাড়া চা-বাগানসহ আশপাশের এলাকায় স্থানভেদে প্রতিদিন ১০ থেকে ১৫ বার কম্পন অনুভূত হচ্ছে। হঠাৎ বাড়িঘর কেঁপে উঠলে অনেকেই ভূমিকম্প মনে করে ঘর থেকে বেরিয়ে আসছেন।
এলাকাবাসী বলছেন, জাতীয় সম্পদ গ্যাস অনুসন্ধানে তাদের কোনো আপত্তি নেই। বরং এ কাজে সহযোগিতা করতে তারা প্রস্তুত। তবে এমন কার্যক্রম শুরুর আগে সংশ্লিষ্ট এলাকার মানুষকে যথাযথভাবে অবহিত করা এবং কৃত্রিম কম্পনের কারণ, ধরন ও সম্ভাব্য প্রভাব সম্পর্কে পরিষ্কার ধারণা দেয়া প্রয়োজন ছিল। তেলিয়াপাড়া এলাকার বাসিন্দা অসীম রায় বলেন, গ্যাস আমাদের জাতীয় সম্পদ। কিন্তু জরিপের অংশ হিসেবে ভূগর্ভে কৃত্রিম কম্পন সৃষ্টি করায় বাড়িঘর কেঁপে ওঠে। এতে মানুষ আতঙ্কিত হয়ে ছোটাছুটি করেন। এ কার্যক্রম শুরুর আগে কর্তৃপক্ষের পক্ষ থেকে এলাকাবাসীকে অবহিত করা হলে এমন পরিস্থিতির সৃষ্টি হতো না। এ বিষয়ে বাপেক্সের ২-ডি সিসমিক জরিপের সমন্বয়ক মোস্তফা কামাল বলেন, হ্যান্ডবিল বিতরণ ও মাইকিং করে প্রচার-প্রচারণা চালানো হয়েছে। সিসমিক জরিপের অংশ হিসেবে কৃত্রিম ভূকম্পন সৃষ্টি করা হলেও ৮০ মিটার দূরত্বে থাকা বাড়িঘরের কোনো ক্ষতি হয় না। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদি হাসান বলেন, এ বিষয়ে কয়েকদিন আগে বাপেক্সের সংশ্লিষ্ট ডিজিএম’র সঙ্গে কথা বলেছি। ওই এলাকার একজন বাসিন্দা কৃত্রিম ভূকম্পন সৃষ্টি নিয়ে আমার কাছে অভিযোগ করেছিলেন। এ ধরনের কার্যক্রম শুরুর অন্তত একদিন আগে স্থানীয় বাসিন্দাদের মাইকিং কিংবা মসজিদের মাইকের মাধ্যমে জানানো প্রয়োজন, যাতে তারা আগে থেকেই বিষয়টি সম্পর্কে অবগত থাকতে পারেন। এ বিষয়ে বাপেক্স কর্তৃপক্ষের সঙ্গে আবারো কথা বলবো।
