রাউজানে ব্যবসায়ীকে ধাওয়া করে ছুরিকাঘাত গ্রেপ্তারের পর বাড়িতে মিললো অস্ত্রভাণ্ডার

রাউজানে ব্যবসায়ীকে ধাওয়া করে ছুরিকাঘাত গ্রেপ্তারের পর বাড়িতে মিললো অস্ত্রভাণ্ডার

ফন্ট সাইজ:

চট্টগ্রামের রাউজানে ব্যবসায়ী মোহাম্মদ মুরাদ (৩৫)কে প্রকাশ্যে ধাওয়া করে উপর্যুপরি ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত মুহাম্মদ সাব্বির হাসান (৩২)কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে সাংবাদিকদের এসব তথ্য জানান রাউজান থানার ওসি মো. সাইফুল ইসলাম। তার বাড়িতে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি এলজি, পাঁচটি কার্তুজ, চাপাতি, ছোরাসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, গত শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের পথেরহাট বাজারের আমির মার্কেটে এ ঘটনা ঘটে। ফেসবুকে ভিডিও প্রকাশকে কেন্দ্র করে মুরাদের ছোট ভাই মোহাম্মদ মানিকের সঙ্গে সাব্বিরের বিরোধ চলছিল। ঘটনার দিন এ নিয়ে মুরাদের দোকানে কথাকাটাকাটি হয়।

একপর্যায়ে মানিক পাথর দিয়ে সাব্বিরের মাথায় আঘাত করে চলে যান। এর কিছুক্ষণ পর ছুরি ও লোহার পাত নিয়ে মুরাদের দোকানে ফিরে আসেন সাব্বির। সেখানে মানিককে না পেয়ে মুরাদকে ধাওয়া করেন তিনি। প্রাণ বাঁচাতে মুরাদ একের পর এক দোকানে আশ্রয় নিলেও শেষ রক্ষা হয়নি। একপর্যায়ে তাকে ধরে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যান সাব্বির। এ সময় প্রাণ বাঁচাতে মুরাদ আকুতি জানিয়ে বলেন, তুই আমার বাপ, আমাকে আর মারিস না। হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা হয়। গুরুতর আহত মুরাদ বর্তমানে চট্টগ্রাম নগরের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ওসি মো. সাইফুল ইসলাম জানান, ঘটনার পর থেকে পলাতক সাব্বিরকে রোববার দুপুর সোয়া ১টার দিকে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের মণ্ডলের ঘাটা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে দিবাগত রাত ১২টা ২৫ মিনিটে নোয়াপাড়ার পটিয়াপাড়া এলাকায় তার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় একটি দেশীয় তৈরি এলজি, পাঁচটি কার্তুজ, দু’টি চাপাতি, চারটি বড় ছোরা, দু’টি ছোট ছোরা ও দু’টি টিপচাকু উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া টিপচাকুর একটি মুরাদকে ছুরিকাঘাতের ঘটনায় ব্যবহৃত হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার সাব্বিরকে আদালতে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে চাঁদাবাজি, অগ্নিসংযোগ, মাদক ও বিস্ফোরকসহ বিভিন্ন অভিযোগে মোট ৬টি মামলা রয়েছে।