ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে নারীকে অপহরণ ১৬ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

ফন্ট সাইজ:

মাদারীপুরের শিবচরে ব্যাংক থেকে ১৬ লাখ টাকা তুলে বাড়ি ফেরার পথে এক নারীকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে মারধর ও হাত-পা বেঁধে ফেলে রাখার অভিযোগ উঠেছে। এ সময় ওই নারীর সঙ্গে থাকা নগদ ১৬ লাখ টাকাভর্তি ব্যাগ ছিনিয়ে নেয়ার অভিযোগও করেছেন ভুক্তভোগী হাসিনা বেগম (৫২)। গত রোববার দুপুর ১২টার দিকে উপজেলার উমেদপুর ইউনিয়নের সাতভাগিয়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যা ৭টার দিকে শিবচর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। হাসিনা উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের পূর্ব মির্জারচর গ্রামের বাসিন্দা। তার স্বামী আবুল কালাম মাদবর।

অভিযোগ সূত্রে জানা যায়, পূবালী ব্যাংকের শিবচর শাখা থেকে ১৬ লাখ টাকা উত্তোলন করে মেয়েকে নিয়ে ভ্যানযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা হন হাসিনা। পথে ভ্যানে অজ্ঞাতনামা দুই ব্যক্তি ওঠেন। পরে ভ্যানটি কুমেরপাড় স্ট্যান্ড এলাকায় পৌঁছালে তার মেয়ে ভ্যান থেকে নেমে যান। পরে তিনি বাড়ির দিকে যাওয়ার সময় সাতভাগিয়া মুন্সিবাড়ি সংলগ্ন রাস্তায় পৌঁছালে একটি সাদা মাইক্রোবাসে আসা ৪-৫ জন অজ্ঞাত ব্যক্তি তাকে ইয়াবা ব্যবসায়ী বলে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে চোখ বেঁধে ফেলে। পরে মাইক্রোবাসটি শিবচরের পাচ্চরের দিকে রওনা দেয়। এ সময় তার সঙ্গে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে চোখ-মুখ ও হাত-পা বেঁধে ফেলে।

পরে তাকে ফরিদপুরের ভাঙ্গা থানাধীন রেলস্টেশনের পাশের একটি নির্জন স্থানে ফেলে রেখে ১৬ লাখ টাকা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে বাড়িতে ফিরে তিনি শিবচর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। শিবচর থানার ওসি মো. কামাল হোসেন বলেন, এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।