বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন ও তার ছেলে অভিনেতা অভিষেক বচ্চনকে প্রাণনাশের হুমকি দিয়েছেন গ্যাংস্টার গোল্ডি ধিলোন। অমিতাভ বচ্চনকে টার্গেট করার ‘কথিত পরিকল্পনা’ থেকে তার দুই সহযোগীকে দিল্লি পুলিশ গ্রেপ্তার করলেও সেই পরিকল্পনা থেমে যায়নি বলে দাবি করেছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে গোল্ডি ধিলোন দাবি করেছেন, বিকাশ ঠাকুর ও দীপক সিংকে গ্রেপ্তার করায় তাদের পরিকল্পনায় কোনো প্রভাব পড়বে না। মুম্বাইয়ে তার প্রায় ২০০ সহযোগী সক্রিয় এবং প্রস্তুত রয়েছে বলেও দাবি করেন তিনি।
একই পোস্টে শিখ সম্প্রদায়ের বিরুদ্ধে কথা বলা ব্যক্তিদের হুমকি দেয়া হয়। সেখানে অমিতাভ বচ্চন ও তার ছেলে অভিষেকের নাম উল্লেখ করে বলা হয়, বুলেটপ্রুফ কাচও তাদের রক্ষা করতে পারবে না।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমের ওই পোস্টের সত্যতা এবং তাতে করা দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
দিল্লি পুলিশের স্পেশাল সেল লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে সংশ্লিষ্ট দুই কথিত বন্দুকধারীকে গ্রেপ্তারের কয়েক দিন পর এই হুমকি এলো।
তদন্তকারীদের ধারণা, মুম্বাই অমিতাভ বচ্চনের বাসভবন ‘জলসা’র বাইরে গুলি চালানোর ষড়যন্ত্রে ওই দুজন জড়িত থাকতে পারেন। একই সঙ্গে গ্রেপ্তারের সূত্র ধরে দিল্লিভিত্তিক এক ব্যবসায়ীকে লক্ষ্য করে চাঁদাবাজির উদ্দেশ্যে গুলি চালানোর পৃথক পরিকল্পনারও সন্ধান পেয়েছেন তদন্তকারীরা।
সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে ১৯৮৪ সালের শিখবিরোধী দাঙ্গার প্রসঙ্গও উল্লেখ করেন ধিলোন। তিনি বলেন, ওই সহিংসতার জন্য দায়ীদের কখনো ক্ষমা করা হবে না। বিশ্বের যে প্রান্তেই থাকুক না কেন, শিখ সম্প্রদায়ের বিরুদ্ধে বক্তব্য দেয়া ব্যক্তিদের জবাবদিহির মুখোমুখি করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
পোস্টে অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চনের নাম উল্লেখ করে বলা হয়, তাদের নিরাপত্তাব্যবস্থা যতই জোরদার করা হোক না কেন, তাদের গুলি করা হবে।
পোস্টে দাবি করা হয়, ‘তারা যত বুলেটপ্রুফ কক্ষই তৈরি করুক না কেন, তাদের গুলি করা হবে।’
শনিবার দিল্লি পুলিশের স্পেশাল সেল লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত দুই ‘কথিত বন্দুকধারীকে’ গ্রেপ্তার করে। তারা হলেন পাঞ্জাবের জলন্ধরের বাসিন্দা বিকাশ ঠাকুর ওরফে ভিকি এবং তরন তারনের বাসিন্দা দীপক সিং ওরফে দীপ।
পুলিশের ভাষ্য, ওই দুই ব্যক্তি দিল্লির এক ব্যবসায়ী এবং অমিতাভ বচ্চনকে ঘিরে পৃথক দুটি পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিলেন। তবে পরিকল্পনা দুটির মধ্যে যোগসূত্র থাকতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা।
অভিযোগ, দিল্লির ওই ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানোর দায়িত্ব দেয়া হয়েছিল বিকাশ ঠাকুরকে। এ উদ্দেশ্যে তিনি মুম্বাই থেকে দিল্লিতে এসেছিলেন। পরে দীপক সিংয়েরও তার সঙ্গে যোগ দেয়ার কথা ছিল।
এদিকে, গত এক মাসে তিনটি পৃথক ই-মেইলে অমিতাভ বচ্চনের মুম্বাইয়ের বাসভবন ‘জলসা’য় বোমা হামলার হুমকি দেয়া হয়েছে। সর্বশেষ এই ঘটনাগুলোর পর তার বাসভবনের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।
