চীনের দক্ষিণাঞ্চলীয় প্রযুক্তি হাব শেনঝেনে ২১ সদস্যের এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (অ্যাপেক) ফোরামের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে যুক্তরাষ্ট্র, চীন এবং রাশিয়ার নেতাদের সম্ভাব্য বৈঠকের দিকে সবার নজর থাকবে। এ খবর দিয়েছে রয়টার্স।
১৯৮৯ সালে অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় ১২ সদস্যের একটি অনানুষ্ঠানিক সংলাপ হিসেবে এর যাত্রা শুরু হয়। প্রবৃদ্ধি, বাণিজ্য এবং বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে এটি বর্তমানে এই অঞ্চলের প্রধান অর্থনৈতিক ফোরামে পরিণত হয়েছে। বৈশ্বিক জিডিপির প্রায় ৬২ শতাংশ এবং বিশ্ব বাণিজ্যের প্রায় অর্ধেক এই জোটের দখলে রয়েছে। রাষ্ট্র হিসেবে না হয়ে ‘সদস্য অর্থনীতি’ হিসেবে যুক্ত হওয়ায় চীনের নিয়ন্ত্রণাধীন হংকং এবং গণতান্ত্রিকভাবে শাসিত তাইওয়ান এতে অংশ নিতে পারে। তবে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারত এর অন্তর্ভুক্ত নয়। অ্যাপেক মূলত সর্বসম্মতিক্রমে পৌঁছানো অ-বাধ্যতামূলক প্রতিশ্রুতির ভিত্তিতে কাজ করে। আগামী ১৮ ও ১৯ নভেম্বর অ্যাপেক অর্থনৈতিক নেতাদের বৈঠক অনুষ্ঠিত হবে। এর আগে ১৭ ও ১৮ নভেম্বর সিইওদের বার্ষিক সম্মেলন হবে।
২০০১ সালে সাংহাই এবং ২০১৪ সালে বেইজিংয়ের পর এবার তৃতীয়বারের মতো এই শীর্ষ সম্মেলন আয়োজন করছে চীন। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের জ্যেষ্ঠ বিশ্লেষক চিম লি জানান, হংকং সংলগ্ন শেনঝেনকে বেছে নেয়ার পেছনে দেশীয় ও আন্তর্জাতিক উভয় কারণ রয়েছে। বেইজিং এটিকে প্রযুক্তি ও উদ্ভাবনের বৈশ্বিক হাব হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। এছাড়া এটি ভূ-রাজনৈতিক অস্থিরতার মুখে শেনঝেনের টিকে থাকার সক্ষমতাও তুলে ধরে। শহরটি বিওয়াইডি, হুয়াওয়ে এবং টেনসেন্টের মতো শীর্ষস্থানীয় চীনা অটো ও প্রযুক্তি জায়ান্টদের ঘাঁটি।
চীন আনুষ্ঠানিকভাবে উপস্থিতির তালিকা না জানালেও মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প, রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন এবং ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র এতে অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে। এছাড়া কানাডা, অস্ট্রেলিয়া, মেক্সিকো, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া এবং ভিয়েতনামের নেতারাও এতে যোগ দেবেন। তাইওয়ান এসারের প্রতিষ্ঠাতা স্ট্যান শিহকে তাদের দূত হিসেবে মনোনীত করেছে। শুক্রবার টোকিও জানায়, জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকাইচি এতে অংশ নেবেন। নিউজিল্যান্ডও তাদের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সনের উপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছে।
সম্মেলনে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার কারণে জ্বালানি নিরাপত্তা, বাণিজ্য প্রবাহ এবং মূল্যস্ফীতির ঝুঁকি নিয়ে আলোচনা হতে পারে। চীন, রাশিয়া এবং মার্কিন নেতাদের সম্ভাব্য বৈঠকের দিকেও নজর থাকবে সবার। বিশ্লেষকরা জানান, পারমাণবিক নিরস্ত্রীকরণ আলোচনায় চীন দ্বিধায় রয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করতে আগ্রহী। এছাড়া চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক স্থিতিশীল থাকে কিনা, তাও নজরে থাকবে। বিরল মৃত্তিকা সরবরাহ, কৃত্রিম বুদ্ধিমত্তা, শুল্ক এবং তাইওয়ানের কাছে মার্কিন অস্ত্র বিক্রির বিষয়গুলো আলোচ্যসূচিতে থাকতে পারে। এর পাশাপাশি চীন-জাপান এবং চীন-ফিলিপাইন সম্পর্কের দিকেও বিশেষ নজর থাকবে। অ্যাপেকের সদস্য দেশগুলোর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, ব্রুনাই, কানাডা, চিলি, চীন, হংকং, ইন্দোনেশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, মেক্সিকো, নিউজিল্যান্ড, পাপুয়া নিউ গিনি, পেরু, ফিলিপাইন, রাশিয়া, সিঙ্গাপুর, তাইওয়ান, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র এবং ভিয়েতনাম।
