বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এ বছর পরীক্ষায় গড় পাসের হার ৬৪ দশমিক ৭৫ শতাংশ। চূড়ান্ত পরীক্ষায় অংশ নেয়া ১৬ হাজার ২২২ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ৫০৩ জন।
সোমবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে ভাইস চ্যান্সেলরের (ভিসি) কনফারেন্স কক্ষে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। এ বছর প্রথম ও দ্বিতীয় বর্ষে মোট ৪৬ হাজার ৭৬৫ জন শিক্ষার্থী নিবন্ধন করেন। এর মধ্যে প্রথম ও দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অংশ নেন ৩৮ হাজার ১৭৯ জন। চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণকারী ১৬ হাজার ২২২ জনের মধ্যে পাস করেছেন ১০ হাজার ৫০৩ জন। উত্তীর্ণদের মধ্যে ছাত্র ৫ হাজার ৭১৬ জন এবং ছাত্রী ৪ হাজার ৭৮৭ জন।
গ্রেডভিত্তিক ফলাফলে সর্বোচ্চ জিপিএ-৫ বা এ প্লাস পেয়েছেন ১৬ জন। এ ছাড়া ‘এ’ গ্রেড পেয়েছেন ১ হাজার ৫০৮ জন, ‘এ মাইনাস’ ৩ হাজার ৩০২ জন, ‘বি’ ৩ হাজার ৫২৪ জন, ‘সি’ ২ হাজার ১০৭ জন এবং ‘ডি’ গ্রেড পেয়েছেন ৪৬ জন।
ফলাফল ঘোষণাকালে ভিসি বলেন, বাউবির লক্ষ্য শুধু পাসের হার বৃদ্ধি নয়, বরং গুণগত শিক্ষা নিশ্চিত করা। সুষ্ঠু, স্বচ্ছ, নির্ভুল ও নকলমুক্ত পরীক্ষা আয়োজনের মাধ্যমে শিক্ষার মানোন্নয়নে বিশ্ববিদ্যালয় বদ্ধপরিকর। মাত্র ৪১ কর্মদিবসে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ সম্ভব হওয়ায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। এ সময় স্থগিত ফলাফলের সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি। পাশাপাশি পরীক্ষা কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক, পরীক্ষক ও কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। অনুষ্ঠানের আগে পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. হাবিবুল্যাহ মাহামুদ ফলাফলের গেজেট ভিসির কাছে হস্তান্তর করেন।
