ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু

ফন্ট সাইজ:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়েছে। বুধবার দুপুর ১২টা থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়। আগামী ২৫শে নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন আগ্রহী শিক্ষার্থীরা।
এবার ভর্তির ক্ষেত্রে আবেদনের ন্যূনতম যোগ্যতা অপরিবর্তিত রাখা হয়েছে। তবে বিভিন্ন অনুষদ ও ইনস্টিটিউটের কয়েকটি বিভাগের ক্ষেত্রে ভর্তির যোগ্যতার শর্ত শিথিল করা হয়েছে। এসব বিভাগের ভর্তি পরীক্ষায় নির্দিষ্ট বিষয়ে প্রয়োজনীয় নম্বর এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় কয়েকটি বিষয়ে প্রাপ্ত ন্যূনতম গ্রেড কমানো হয়েছে।

গত সোমবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ ভর্তি কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, গত ৩১শে অক্টোবর প্রকাশিত উচ্চমাধ্যমিক ও সমমান পরীক্ষার ফলাফলে উত্তীর্ণ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ন্যূনতম যোগ্যতা অর্জনকারী শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। ফল পুনঃনিরীক্ষণের আবেদন করা শিক্ষার্থীরাও ভর্তির আবেদন করতে পারবেন। পুনঃনিরীক্ষণের ফল আগামী ২৩শে নভেম্বর প্রকাশিত হওয়ার কথা রয়েছে। এ কারণে আবেদনের শেষ সময় ২৫শে নভেম্বর পর্যন্ত বহাল রাখা হয়েছে।

এবার পাঁচটি ইউনিটের মাধ্যমে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঘোষিত সূচি অনুযায়ী, আইবিএ ইউনিটের পরীক্ষা ৫ই ডিসেম্বর, বিজ্ঞান ইউনিটের ১২ই ডিসেম্বর, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ১৯শে ডিসেম্বর, চারুকলা ইউনিটের ২২শে ডিসেম্বর এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা ২৬শে ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদনপ্রক্রিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটে পাওয়া যাবে।