২০২৪ সালের আগস্টে ভারতপন্থি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর থেকেই ভারত-বাংলাদেশ সম্পর্ক অচলাবস্থায়। ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার এবং বর্তমানে বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের আমলেও এই উত্তেজনা অব্যাহত রয়েছে। ২০২৫ সালের নভেম্বরে একটি ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডের রায় দেয়। সেই রায় কার্যকর করার জন্য বাংলাদেশ ভারত থেকে হাসিনাকে প্রত্যর্পণের দাবি জানিয়ে আসছে। তবে আইনি জটিলতার কথা উল্লেখ করে তাকে হস্তান্তরে অস্বীকৃতি জানিয়েছে ভারত। অপ্রমাণিত বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, নয়াদিল্লি চায়, ঢাকাকে আইনি সহায়তার মাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ দিতে হবে। অনুপস্থিতিতে অনুষ্ঠিত বিচার চলাকালে তিনি কোনো আইনি সহায়তা পাননি। এমনটাও বলা হচ্ছে, ভারত চায়, ঢাকাকে তার দল আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে।
কিন্তু এ বিচার ও রায় থেকে সরে আসার কোনো ইচ্ছা ঢাকার নেই। এর প্রধান কারণ, জামায়াতে ইসলামী (জেআই) এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃত্বাধীন বিরোধীরা হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর অবস্থানে। দলগুলো আওয়ামী লীগকে ভারতের ফ্যাসিবাদী দোসর হিসেবে আখ্যায়িত করে। হাসিনার প্রত্যর্পণ ছাড়াও ভারত-বাংলাদেশ সম্পর্ককে অস্থির করে তুলেছে আরও বেশ কিছু বিষয়। বাংলাদেশ ক্ষুব্ধ হয় ভারতের রাজনীতিকদের বক্তব্যে। ভারতীয় রাজনীতিকরা বলেন, কোটি কোটি বাংলাদেশি মুসলিম ভারতে অনুপ্রবেশ করেছে এবং সীমান্তবর্তী কয়েকটি রাজ্যের জনতাত্ত্বিক কাঠামো বদলে দিয়েছে। ভারতীয় রাজনীতিকদের অভিযোগ, বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ মুসলিমরা সংখ্যালঘু হিন্দুদের নিপীড়ন করছে।
ভারতীয়দের অভিযোগ, বাংলাদেশ ঐতিহ্যগতভাবে ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ইচ্ছাকৃতভাবে শিথিল করছে এবং ভারতের প্রতিদ্বন্দ্বী পাকিস্তান, চীন ও তুরস্কের সঙ্গে সম্পর্ক জোরদার করছে। এমন অভিযোগও রয়েছে, বাংলাদেশ সামরিকভাবে শিলিগুড়ি করিডোর বিচ্ছিন্ন করার পরিকল্পনা করছে। এই করিডোরই মূল ভূখণ্ড ভারতের সঙ্গে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্যের একমাত্র স্থল সংযোগ।
অন্যদিকে বাংলাদেশ অভিযোগ করে আসছে, ভারত দেশটিকে অবৈধ অভিবাসনের প্রধান উৎস হিসেবে মিথ্যাভাবে উপস্থাপন করছে এবং সংকীর্ণ নির্বাচনী স্বার্থে বাংলা ভাষাভাষী ভারতীয় মুসলিমদের সীমান্তের এপারে ঠেলে দিচ্ছে। ভারতের বাণিজ্যিক রুটে বিধিনিষেধ আরোপের কারণেও বাংলাদেশিরা অভিযোগ করে আসছেন। এসব বিধিনিষেধ অত্যাবশ্যকীয় পণ্য পরিবহনে বাধা সৃষ্টি করছে।
ভারত ও বাংলাদেশ উভয় দেশের উত্তেজনাপূর্ণ রাজনৈতিক পরিস্থিতির কারণে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান নয়াদিল্লির আনুষ্ঠানিক আমন্ত্রণ পাওয়া সত্ত্বেও ভারত সফর করেননি। বিপরীতে তিনি এ অঞ্চলে ভারতের প্রতিদ্বন্দ্বী চীন ও তুরস্ক সফর করেছেন।
কয়েক মাস আগে শেখ হাসিনা বড় ধরনের চমক দিয়ে ডিসেম্বরে দেশে ফিরে পরিণতি মোকাবিলা করার ঘোষণা দেন। নয়াদিল্লি তাকে ফেরার অনুমতি দিয়েছে বলে জানা গেছে। তবে ভারত আপাতদৃষ্টিতে চায়, ঢাকা তাকে একটি ভ্রমণ নথি দিক এবং পরিবহনের ব্যবস্থা করুক। কিন্তু ঢাকা তাতে অস্বীকৃতি জানিয়েছে। বাংলাদেশের বক্তব্য, একজন অপরাধী হিসেবে তাকে প্রত্যর্পণ করতে হবে। বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী তারেক রহমানকে বোঝানোর চেষ্টা করেছেন, তারেক রহমান ও মোদির মধ্যে সরাসরি একান্ত বৈঠক হলে সব বিষয়ই বন্ধুত্বপূর্ণভাবে সমাধান করা সম্ভব হবে। কিন্তু ত্রিবেদী এ ক্ষেত্রে সফল হননি।
গঙ্গার পানি বণ্টন চুক্তি: হাসিনা ইস্যুতে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ আটকে থাকলেও দ্বিপক্ষীয় একটি বড় সমস্যা জরুরি মনোযোগ দাবি করছে। সেটি হলো গঙ্গার পানি বণ্টন চুক্তি (জিডব্লিউটি)। চলতি বছরের ডিসেম্বরে এই চুক্তির মেয়াদ নবায়ন অথবা পুনরায় আলোচনার মাধ্যমে নির্ধারণ করার কথা। বাংলাদেশ ও ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ৩০ বছর মেয়াদি এই চুক্তির মেয়াদ আগামী ১২ই ডিসেম্বর শেষ হচ্ছে। জলবায়ু পরিবর্তন, পশ্চিমবঙ্গ, বিহার ও বাংলাদেশের পানির চাহিদা বৃদ্ধি এবং এসব অঞ্চলের রাজনৈতিক পরিস্থিতি গঙ্গার পানি বণ্টন চুক্তির বিষয়গুলোকে আরও জটিল করে তুলেছে। প্রশ্ন হচ্ছে, ভারত ও বাংলাদেশ কি এমন একটি নতুন জলবায়ু সহনশীল পানি বণ্টন কাঠামো তৈরি করতে পারবে, যা দুই দেশের কোটি কোটি মানুষের পাশাপাশি সব অংশীজনের স্বার্থকে বিবেচনায় নেবে?
কেন গঙ্গার পানি বণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল?
কলকাতা বন্দরের নৌচলাচল উন্নত করা এবং প্রয়োজনীয় পানিপ্রবাহ বজায় রাখার জন্য ভারত গঙ্গা নদীর একটি অংশের পানি হুগলি নদীর দিকে প্রবাহিত করতে শুরু করে। ফারাক্কা ব্যারাজের মাধ্যমে এই পানি সরিয়ে নেয়া হয়। বাংলাদেশ এর তীব্র বিরোধিতা করে। দেশটির যুক্তি, পানি সরিয়ে নেয়ার ফলে শুষ্ক মৌসুমে ভাটিতে গঙ্গার পানি প্রবাহ ব্যাপকভাবে কমে যাচ্ছে। এর প্রভাব পড়ছে বাংলাদেশের পদ্মা নদীতে পানিপ্রবাহের ওপর। ১৯৭৬ সালে মাওলানা ভাসানী ঐতিহাসিক ফারাক্কা লংমার্চের নেতৃত্ব দেন। তিনি অভিযোগ করেন, ভারত বাংলাদেশকে তার প্রাপ্য গঙ্গার পানি থেকে বঞ্চিত করছে। এরপর একাধিক অস্থায়ী সমঝোতা হয়। অবশেষে ১৯৯৬ সালের ১২ই ডিসেম্বর একটি বড় অগ্রগতি আসে। ওই দিন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী এইচ. ডি. দেবগৌড়া এবং বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়াদিল্লিতে গঙ্গার পানি বণ্টন চুক্তি স্বাক্ষর করেন। চুক্তিটি নবায়নযোগ্য এবং ৩০ বছর কার্যকর থাকার কথা। ১লা জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত শুষ্ক মৌসুমে গঙ্গার পানি বণ্টন এই চুক্তির আওতায় নির্ধারিত হয়। তবে মূল বিষয় হলো, যেকোনো নির্দিষ্ট সময়ে ফারাক্কায় কতটা পানি পাওয়া যাচ্ছে সেটা। পানিপ্রবাহ ৭০ হাজার কিউসেক বা তার কম হলে ভারত ও বাংলাদেশ প্রত্যেকে ৫০ শতাংশ করে পানি পাবে। পানিপ্রবাহ ৭০ হাজার থেকে ৭৫ হাজার কিউসেকের মধ্যে থাকলে বাংলাদেশ পাবে ৩৫ হাজার কিউসেক এবং অবশিষ্ট পানি পাবে ভারত। পানিপ্রবাহ ৭৫ হাজার কিউসেক বা তার বেশি হলে ভারত পাবে ৪০ হাজার কিউসেক পানি। সবচেয়ে শুষ্ক সময়ে ভারত ও বাংলাদেশ প্রত্যেকে ৩৫ হাজার কিউসেক পানি পাবে। তবে চুক্তিটি ১৯৪৯ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত সময়ের ঐতিহাসিক পানিবিষয়ক তথ্যের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল। এই তথ্য ইতিমধ্যে অনেক পুরোনো হয়ে গেছে।
তিন দশক পর নদীটির অবস্থা এবং এর ওপর নির্ভরশীল মানুষের চাহিদা ব্যাপকভাবে বদলে গেছে। জলবায়ু পরিবর্তনের কারণে অনিয়মিত বৃষ্টিপাত, দীর্ঘস্থায়ী খরা কিংবা চরম বন্যার সৃষ্টি হচ্ছে। একই সময়ে জনসংখ্যা বেড়েছে এবং কৃষি ও শিল্প খাতে পানির চাহিদা বৃদ্ধি পেয়েছে। ফলে ১৯৯৬ সালের চুক্তির ভিত্তি হিসেবে ব্যবহৃত জলবিদ্যাগত ধারণাগুলো এখন আর বাস্তবসম্মত নেই। ঢাকা আরও পূর্বানুমানযোগ্য একটি সমঝোতা চায়। ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত সময়ে ৪০ হাজার কিউসেক পানি পাওয়ার দাবি জানিয়ে আসছে বাংলাদেশ। পাশাপাশি বন্যার তথ্য বিনিময় আরও জোরদার করা এবং দীর্ঘমেয়াদি কাঠামো তৈরির ওপর গুরুত্ব দিচ্ছে দেশটি।
রাজনৈতিক জটিলতা: বাংলাদেশের কাছে গঙ্গার পানি বণ্টন চুক্তির বিষয়টি ভারতের সঙ্গে একটি দ্বিপক্ষীয় ব্যাপার। কিন্তু ভারতের ক্ষেত্রে বিষয়টি আরও জটিল। ভারতের দুটি রাজ্য গঙ্গার পানির ওপর নিজেদের দাবি জানাচ্ছে। তারা হলো পশ্চিমবঙ্গ ও বিহার। কলকাতা বন্দর সচল রাখতে পশ্চিমবঙ্গের সারা বছর পর্যাপ্ত পানির প্রয়োজন। অন্যদিকে বিহারের দাবি, ফারাক্কা ব্যারাজে পানি আটকে রাখার কারণে বিহারে গঙ্গা নদীতে পলি জমার পরিমাণ বাড়ছে। এর ফলে বিহারের পানীয় জল, সেচ ও উন্নয়ন কার্যক্রম ক্ষতিগ্রস্ত হচ্ছে।
অন্যদিকে কলকাতা বন্দরের পানির প্রয়োজনীয়তার ওপর জোর দিচ্ছে পশ্চিমবঙ্গ। নয়াদিল্লির কেন্দ্রীয় সরকারের সামনে আরও একটি রাজনৈতিক সমস্যা রয়েছে। বিহার ও পশ্চিমবঙ্গ উভয় রাজ্যেই এখন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সরকার ক্ষমতায়। ফলে নয়াদিল্লিতে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের পক্ষে বিজেপি শাসিত রাজ্য সরকারগুলোর দাবি প্রত্যাখ্যান করা কঠিন হবে। এই পরিস্থিতিতে ফারাক্কা ব্যারাজ এবং কলকাতা, বিহার ও বাংলাদেশের ওপর এর প্রভাব নিয়ে সীমাবদ্ধ বিতর্কের পরিবর্তে নতুন, স্বাধীন ও পুরো নদী অববাহিকাভিত্তিক বৈজ্ঞানিক মূল্যায়ন প্রয়োজন। বিশেষজ্ঞদের মতে, সবচেয়ে যুক্তিসংগত সমাধান হবে বিজ্ঞানভিত্তিক, বাস্তবসম্মত, যুক্তিপূর্ণ, স্বল্পমেয়াদি ও অধিক নমনীয় একটি চুক্তি নিয়ে আলোচনা করা। শুষ্ক মৌসুমে পানি বণ্টনের ক্ষেত্রে ভারত আরও বেশি নমনীয়তা চাইতে পারে। পাশাপাশি বিহার ও পশ্চিমবঙ্গের পানির চাহিদার স্বীকৃতি দেয়ার বিষয়েও জোর দিতে পারে।
বাংলাদেশের পক্ষ থেকে পূর্বানুমানযোগ্য ন্যূনতম পানিপ্রবাহ, শুষ্ক মৌসুমে বেশি পানি বরাদ্দ এবং পানিপ্রবাহ ও বন্যাসংক্রান্ত তথ্য বিনিময়ের জন্য আরও শক্তিশালী ব্যবস্থার দাবি জানানো হতে পারে। ১৯৯৬ সালের চুক্তিতে মূল প্রশ্ন ছিল ফারাক্কায় পাওয়া পানি কীভাবে ভাগ করা হবে? কিন্তু নতুন চুক্তিতে হয়তো ভিন্ন একটি প্রশ্নের উত্তর খুঁজতে হবে। তাহলো পরিবর্তিত জলবায়ু পরিস্থিতি ও ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদা পূরণে গঙ্গা অববাহিকায় কীভাবে পর্যাপ্ত পানি উৎপাদন, সংরক্ষণ ও বণ্টন করা সম্ভব?
এ ক্ষেত্রে পানি সংরক্ষণ, নদী পুনরুদ্ধার, পলি ব্যবস্থাপনা, বন্যার পূর্বাভাস, তথ্য বিনিময় এবং অববাহিকাভিত্তিক সহযোগিতার বিষয়গুলো বিবেচনায় আনা যেতে পারে। চুক্তির মেয়াদ কম রাখা হলে দুই দেশ আরও ঘন ঘন পানি বণ্টনের বিষয়টি পুনর্বিবেচনা করতে পারবে। ফলে আরেকটি ৩০ বছর মেয়াদি নির্দিষ্ট ফর্মুলার মধ্যে নিজেদের আবদ্ধ করতে হবে না।
বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ: ভারত ও বাংলাদেশ যৌথ নদী কমিশন (জেআরসি) এবং বিদ্যমান চুক্তির যৌথ কমিটির মাধ্যমে কারিগরি পর্যায়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। ২০২৬ সালের মে মাসে কলকাতায় অনুষ্ঠিত জেআরসির বৈঠক ছিল ডিসেম্বরের সময়সীমার আগে সর্বশেষ বড় আলোচনা। যদিও সেখানে কোনো আনুষ্ঠানিক অগ্রগতির ঘোষণা দেয়া হয়নি। তাই ডিসেম্বরের সময়সীমাকে অগত্যা উদ্বেগের বিষয় হিসেবে দেখা উচিত নয়। যদি সংশ্লিষ্ট পক্ষগুলোকে নতুনভাবে চিন্তা করতে এবং আরও বাস্তবসম্মত পানি বণ্টন ব্যবস্থা তৈরিতে আন্তরিকভাবে উদ্যোগী করা যায়, তাহলে এই সময়সীমা একটি সুযোগ হয়ে উঠতে পারে। তবে তার আগে ভারত ও বাংলাদেশের বিষাক্ত রাজনৈতিক পরিবেশ দূর করতে হবে।
(লেখক ভারতীয় একজন জ্যেষ্ঠ সাংবাদিক। তিনি শ্রীলঙ্কায় স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমের জন্য কাজ করছেন। গত ২১ বছর ধরে দক্ষিণ এশিয়ার বিভিন্ন বিষয় নিয়ে লিখেছেন। তার এ লেখাটি ইউরেশিয়া রিভিউ থেকে অনুবাদ)
