বাংলাদেশের কৃষিকে এখন কেবল উৎপাদন বৃদ্ধির পরিবর্তে গুণগত মান ও বাণিজ্যিক মূল্য সংযোজনের দিকে এগিয়ে নিতে হবে। আর এই রূপান্তরের মূল চালিকাশক্তি হতে হবে আধুনিক বিজ্ঞান, শক্তিশালী জাতীয় প্রতিষ্ঠান এবং পরিকল্পিত বিনিয়োগ। গতকাল রোববার রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) অডিটোরিয়ামে শুরু হওয়া দুই দিনব্যাপী জাতীয় পরামর্শ সভায় নীতিনির্ধারক, বিজ্ঞানী, উন্নয়ন সহযোগী ও কৃষি-ব্যবসায়ী নেতারা এই অভিমত দেন। আন্তর্জাতিক ভুট্টা ও গম উন্নয়ন কেন্দ্র (সিমিট), বাংলাদেশ ‘টেকসই ও সহনশীল কৃষি-খাদ্য ব্যবস্থার জন্য উদীয়মান চাহিদা এবং কৌশলগত বিনিয়োগ’ শীর্ষক এ সভার আয়োজন করে। জনসংখ্যা বৃদ্ধি, নগরায়ণ ও ফিড শিল্পের প্রসারে দেশে গম ও ভুট্টার চাহিদা বাড়ছে। অন্যদিকে জলবায়ু পরিবর্তন, নতুন রোগবালাই ও মাটির উর্বরতা হ্রাস কৃষকদের চ্যালেঞ্জের মুখে ফেলছে। সভায় বক্তারা বলেন, দেশে অবমুক্ত ৩৮টি গমের জাতের মধ্যে ৩১টিই সিমিটের প্রজনন সহায়তায় উদ্ভাবিত। জিংকসমৃদ্ধ ও ব্লাস্ট-প্রতিরোধী ‘বারি গম-৩৩’ এখন দেশের মোট গম চাষের ৪০-৫০ শতাংশ এলাকায় আবাদ হচ্ছে। এ ছাড়া ‘হুইট ব্লাস্ট’ আগাম সতর্কবার্তা ব্যবস্থার মাধ্যমে ৫ লাখ ৩৫ হাজারের বেশি কৃষক উপকৃত হচ্ছেন। অন্যদিকে, ধানের পর ভুট্টা এখন দেশের দ্বিতীয় বৃহত্তম ফসল। বারির মহাপরিচালক ড. মো. মঞ্জুরুল কাদির বলেন, ‘বাংলাদেশে ভুট্টা চাষ আর কেউ থামাতে পারবে না; এটি এখন সেই পর্যায়ে পৌঁছে গেছে।’ স্বাগত বক্তব্যে সিমিট বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. দ্যুতিমান চৌধুরী বলেন, ‘পাঁচ দশকের এই সাফল্য আমাদের জাতীয় অংশীদারদের। এখন আমাদের লক্ষ্য পুষ্টিকর খাদ্য, স্বাস্থ্যকর মাটি এবং জলবায়ু সহনশীলতার সঙ্গে বিজ্ঞান ও বিনিয়োগের সমন্বয় ঘটানো।’ বিশেষ অতিথি কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. বরাদ হোসেন চৌধুরী গবেষণার জ্ঞান কৃষকদের সহজ ভাষায় পৌঁছে দেয়ার পাশাপাশি শস্যবীমা ও তরুণ উদ্যোক্তাদের যুক্ত করার আহ্বান জানান। অনুষ্ঠানের সম্মানিত অতিথি গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জি কে এম মোস্তাফিজুর রহমান স্বাস্থ্যকর মাটি, পুরো ভ্যালু চেইনে বিনিয়োগ এবং ডিজিটাল কৃষির উপর জোর দেন। সভার বিকালের অধিবেশনে সরকারি গবেষণা প্রতিষ্ঠান ও বেসরকারি খাতের সমন্বয়ে একটি স্বনির্ভর বীজ শিল্প গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়। এ সময় বক্তারা রয়্যালটির মাধ্যমে বেসরকারি খাতকে সরকারি জার্মপ্লাজম ব্যবহারের সুযোগ দেয়া এবং দেশীয় বীজ উৎপাদন বাড়িয়ে ভবিষ্যতে বীজ রপ্তানির সম্ভাবনার কথা তুলে ধরেন। এ ছাড়া সভায় ‘ডাবলড-হ্যাপ্লয়েড’ প্রযুক্তির মতো আধুনিক উদ্ভাবনের কথা জানানো হয়, যা ভুট্টার নতুন জাত উদ্ভাবনের সময় ৬-৭ বছর থেকে কমিয়ে ১ বছরে আনতে সক্ষম। আজ যান্ত্রিকীকরণ ও ভ্যালু চেইন নিয়ে আলোচনার মধ্যদিয়ে দুইদিনের এই পরামর্শ সভা শেষ হবে।
সিমিট-এর পরামর্শ সভায় বক্তারা
গম ও ভুট্টা খাতে গুণগত মান ও বাণিজ্যিক মূল্যের উপর জোর
স্টাফ রিপোর্টার
১৬ নভেম্বর (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
