জামালপুর শহরের রেলওয়ে ওভারপাসে পড়ে থাকা বোমাসদৃশ একটি বস্তু নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট। শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শহরের ফুলবাড়িয়া ঈদগাহ মাঠে ঘাটাইল সেনানিবাসের বিশেষজ্ঞ দল বস্তুটি নিষ্ক্রিয় করে। এ সময় বিকট শব্দ শোনা গেলেও কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। এর আগে শনিবার সন্ধ্যা ৬টার দিকে শহরের গেটপাড় এলাকায় রেলওয়ে ওভারপাসের উপর বস্তুটি পড়ে থাকতে দেখেন পথচারীরা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুরো ওভারপাস ঘিরে ফেলে। নিরাপত্তার স্বার্থে বন্ধ করে দেয়া হয় ওই সড়কে যান চলাচল। এতে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ঘাটাইল সেনানিবাস থেকে মেজর শাহীনের নেতৃত্বে ২ ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তারা ওভারপাস থেকে বস্তুটি উদ্ধার করে শহরের ফুলবাড়িয়া ঈদগাহ মাঠে নিয়ে যান। সেখানে রাত সাড়ে ১১টার দিকে সেটি নিষ্ক্রিয় করা হয়।
এদিকে এ ঘটনার জন্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগকে দায়ী করেছে জামালপুর জেলা বিএনপি। দলটির নেতাদের দাবি, রাজনৈতিকভাবে আতঙ্ক সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অংশ হিসেবে এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে।
জামালপুর-৫ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ওয়ারেছ আলী মামুন বলেন, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত জামালপুরের মানুষ ও প্রশাসন আতঙ্কের মধ্যে ছিল। বস্তুটি নিষ্ক্রিয় করা হলেও সেনাবাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য না পাওয়া পর্যন্ত এটি বোমা, নাকি অন্য কিছু- তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তিনি আরও বলেন, গত কয়েকদিন ধরে সারা দেশে রাজনৈতিকভাবে আতঙ্ক সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে পতিত ফ্যাসিবাদের দোসররা। তার ধারণা, জামালপুরে পাওয়া বোমাসদৃশ বস্তুটিও সেই ষড়যন্ত্রের অংশ হতে পারে।
জামালপুরে বোমাসদৃশ বস্তু নিষ্ক্রিয় করলো সেনাবাহিনী
জামালপুর শহর প্রতিনিধি
১৬ নভেম্বর (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
