রাজশাহীতে আদালত চত্বরে আসামিদের হামলায় রক্তাক্ত হলেন আইনজীবী

রাজশাহীতে আদালত চত্বরে আসামিদের হামলায় রক্তাক্ত হলেন আইনজীবী

ফন্ট সাইজ:

রাজশাহীতে আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন এডভোকেট ইয়ামিন আলী নামের এক আইনজীবী। রোববার দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সামনে এ ঘটনা ঘটে। হামলার ঘটনায় কয়েকজনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন উপস্থিত লোকজন। খোঁজ নিয়ে জানা যায়, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে আইনজীবী ইয়ামিন আলীর সঙ্গে একটি পক্ষের বিরোধ রয়েছে। এর জেরে ওই আইনজীবীর করা একটি মামলায় রোববার দুপুরে আদালতে হাজির হয়ে জামিন পায় অভিযুক্তরা। প্রত্যক্ষদর্শীরা জানান, আদালত ভবন থেকে বের হওয়ার সময় ইয়ামিন আলীকে ঘিরে ধরে কয়েকজন। এরপর তারা একযোগে ইয়ামিন আলীর ওপর হামলা চালায়।

এ সময় এলোপাতাড়ি মারধরে তার মাথা ফেটে যায়। হামলাকারীদের হাত থেকে বাঁচতে দৌড়ে পাশের একটি খাবারের দোকানে আশ্রয় নেন তিনি। পরে হামলাকারীরা পালানোর চেষ্টা করলে উপস্থিত জনতা তাদের কয়েকজনকে ধরে গণপিটুনি দেয়। একপর্যায়ে তাদের পুলিশের হাতে তুলে দেয়া হয়। আহত আইনজীবী ইয়ামিন আলীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি অভিযোগ করেন, জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন কিছুদিন আগে তার বাম হাত ভেঙে দিয়েছিল। এ ঘটনায় তিনি মামলা করেন। রোববার ওই মামলায় অভিযুক্তরা আদালত থেকে জামিন পায়। জামিন পাওয়ার পর তারা আদালত চত্বরে অবস্থান নিয়ে তার জন্য অপেক্ষা করছিল। আদালত ভবন থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই অতর্কিতভাবে তার ওপর হামলা চালানো হয়। তিনি এ ঘটনার বিচার দাবি করেছেন।