লগি-বৈঠা-রামদা সহ বিভিন্ন দেশে তৈরি অস্ত্র নিয়ে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ব্যাপক তাণ্ডব চালিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) ও পুলিশ বক্সে ভাঙচুর করা হয়। এ ছাড়াও গোপালগঞ্জ শহরে নির্মাণাধীন জুলাই স্মৃতিস্তম্ভ ও গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শহীদ হাদি চত্বরের নামফলক ভাঙচুর করেন দলটির নেতাকর্মীরা। গোপালগঞ্জ সরকারি কলেজ গেটে আগের নামে ব্যানারও সাঁটিয়েছেন তারা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এই মহড়া ঘিরে জেলা সদরে উদ্বেগ-আতঙ্ক দেখা দেয়। বন্ধ হয়ে যায় দোকানপাট। কয়েকটি সড়কে যান চলাচলও বন্ধ হয়ে যায়। মিছিল করার সময় দলটির নেতাকর্মীরা গোপালগঞ্জ জেলা বিএনপি’র অস্থায়ী কার্যালয়েও হামলার চেষ্টা করেন। কার্যালয়টি তালাবদ্ধ থাকায় বাইরের অংশে লাঠিসোটা ও রামদা দিয়ে কুপিয়ে ক্ষয়ক্ষতি করা হয়।
রোববার সকাল সাড়ে ১১টা থেকে ২টা পর্যন্ত গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে মিছিল করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় তাদের অনেকের হাতে লগি-বৈঠা, লাঠিসোটা, রামদা, টেঁটা, বল্লমসহ দেশে তৈরি অস্ত্র ছিল। তারা বিভিন্ন স্লোগান দেন। স্লোগানের মধ্যে ছিল, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশে আসবে, আজ থেকে গোপালগঞ্জ স্বাধীন।’
সরজমিন দেখা যায়, পূর্বের গোপন পরিকল্পনা অনুযায়ী সকাল থেকে গোপালগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীদের নেতৃত্বে মিছিল নিয়ে গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায় জড়ো হন কয়েক হাজার নেতাকর্মী। এরপর তারা মিছিল নিয়ে শহরের ব্যাংকপাড়ায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে যান এবং দীর্ঘদিন তালাবদ্ধ থাকা কার্যালয় খুলে দিয়ে উল্লাস করেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মিছিল নিয়ে যাওয়ার সময় গোপালগঞ্জ লঞ্চঘাট এলাকায় নির্মাণাধীন জুলাই স্মৃতিস্তম্ভ ভাঙচুর করেন কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা। এরপর গোপালগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকের নামফলক মুছে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা একটি ব্যানার টাঙিয়ে দেয়া হয়। একইভাবে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নামফলকও ভেঙে দেন তারা। পরে তারা পুরনো লঞ্চঘাট, সরকারি কলেজ ও প্রেস ক্লাবের সামনের সড়কে আগুন জ্বালিয়ে দুই ঘণ্টাব্যাপী অবরোধ করেন তারা।
এ সময় পুলিশের সাঁজোয়া যানের ওপর দাঁড়িয়ে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের স্লোগান দিয়ে উল্লাস করতে দেখা যায়। একপর্যায়ে তারা লঞ্চঘাট এলাকায় অবস্থানরত পুলিশের এপিসি’র পেছনের লুকিং গ্লাস ও পুলিশ বক্সের জানালা ভাঙচুর করে। পাশাপাশি এপিসি’র গায়ে লাল রং দিয়ে ‘জয় বাংলা’ স্লোগান লিখে দেন। কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাকর্মীদের কর্মসূচির কারণে বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত গোপালগঞ্জ-ঘোনাপাড়া-টুঙ্গিপাড়া সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ সদস্যদের দেখা গেলেও তাদের তেমন কোনো তৎপরতা ছিল না।
ওদিকে গতকাল রাতে টুঙ্গিপাড়া পৌর বিএনপি’র সভাপতি ইমদাদ মোল্লার বাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটে। এ ছাড়া পাটগাতি বাজারে বিএনপি ও যুবদলের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
এর আগে গত শনিবার রাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় বিএনপি’র নেতাদের ব্যক্তিগত কার্যালয় ও কয়েকটি দোকানেও ভাঙচুর করে আগুন দেয়া হয়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী-লীগ ও যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ করেছিলেন টুঙ্গিপাড়া উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন মোল্লা। মোক্তার হোসেন রাতে মানবজমিনকে জানিয়েছেন, শনিবার রাত আটটার দিকে প্রথমে টুঙ্গিপাড়া উপজেলার নিলফা বাজারের বিএনপি’র কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা। পাশাপাশি কয়েকটি দোকানে হামলার পর আগুন ধরিয়ে দেয়া হয়। পরে উপজেলার কুশলী ইউনিয়ন বিএনপি’র কার্যালয় ও আশপাশের কয়েকটি দোকানে অগ্নিসংযোগ করে।
ডিসি-এসপি প্রত্যাহার: ওদিকে কার্যক্রম নিষিদ্ধ দলের তাণ্ডবের দিনে গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. আরিফউজ্জামানকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংযুক্ত করা হয়েছে। এই জেলায় নতুন জেলা প্রশাসক হিসেবে হবিগঞ্জের ডিসি জি এম সরফরাজকে দায়িত্ব দিয়েছে সরকার। এ ছাড়া গোপালগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. হাবীবুল্লাহকেও বদলি করা হয়েছে। তাকে ফেনীর এসপি হিসেবে বদলি করা হয়েছে। আর ফেনীর বর্তমান এসপি প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের নতুন এসপি করা হয়েছে।
রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। এদিকে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব জাকির হোসেনকে হবিগঞ্জের ডিসি করা হয়েছে। আর জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. আলমগীর কবীরকে চুয়াডাঙ্গার ডিসি করা হয়েছে।
গোপালগঞ্জে জানমাল রক্ষায় সচেষ্ট আইনশৃঙ্খলা বাহিনী: সংবাদ সম্মেলনে পুলিশ-বিজিবি:
ওদিকে গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দিনভর মিছিল, ভাঙচুর-অগ্নিসংযোগের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেছে পুলিশ ও বিজিবি। গতকাল বিকাল সোয়া ৪টার গোপালগঞ্জ সার্কিট হাউজে এই সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিজিবি যশোর অঞ্চলের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদ হাসান এবং পুলিশের ঢাকা রেঞ্জ ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান।
এ সময় বিজিবি কমান্ডার বলেন, উদ্ভূত পরিস্থিতিতে গোপালগঞ্জে ১০ই নভেম্বর ৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। রোববার নতুন করে আরও তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এখন ছয় প্লাটুন বিজিবি’র মোট সদস্য সংখ্যা ১৫০ জন। জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুযায়ী, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।
ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদ হাসান বলেন, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতেই এ মোতায়েন করা হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয় কমপ্লেক্সে দেড় থেকে দুই হাজার বা তারও বেশি মানুষ ঘেরাওয়ের মতো পরিস্থিতি তৈরি করেছিল। নাশকতামূলক কাজ করতে তারা উদ্যত হচ্ছিল। অন্যান্য বাহিনীর পাশাপাশি বিজিবি তাদেরকে শান্তিপূর্ণভাবে পরিস্থিতি স্বাভাবিক করেছে। আমরা জেলায় কোনো ধরনের নাশকতামূলক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে সচেষ্ট থাকবো।
পরে পুলিশের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে ঢাকা রেঞ্জ ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বলেন, পরিস্থিতি মোকাবিলায় গোপালগঞ্জে ১ হাজার ৩৫০ পুলিশের সদস্য মোতায়েন করা হয়। এখানে আমাদের পুলিশ ফোর্স, এপিবিএন, এসআরবি, বিজিবি ও আনসার সদস্য মোতায়েন ছিল।
তিনি বলেন, জেলায় ৬৭ কিলোমিটার মহাসড়কে পুলিশ সতর্ক অবস্থানে ছিল। তাই মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। পর্যাপ্ত সংখ্যক মোবাইল পেট্রোল মোতায়েন করা হয়। যার পরিপ্রেক্ষিতে এক মিনিটের জন্যও ন্যশনাল হা্ইওয়ে বন্ধ ছিল না। ন্যাশনাল হাইওয়ের নিরাপত্তা আমরা রক্ষা করি।
ডিআইজি বলেন, গোপালগঞ্জ সদর ছাড়াও চারটা পৌরসভা ও উপজেলা শহরে পর্যাপ্ত ফোর্স মোতায়েন ছিল। যে কারণে সাধারণ জনগণের নিরাপত্তা আর সরকারি স্থাপনার নিরাপত্তা জোরদার করা হয়। গোপালগঞ্জ মূল শহরে পর্যাপ্ত অফিসার্স ও ফোর্স মোতায়েন ছিল। জননিরাপত্তা, সরকারি স্থাপনা ও গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা সুরক্ষায় আমরা কাজ করেছি। গোপালগঞ্জে কোনো ধরনের ভাঙচুর ও ক্ষতি ব্যতিরেকে আমরা দায়িত্ব পালন করেছি। এখানে জেলা পুলিশের পাশাপাশি অন্য জেলা থেকেও পুলিশ সদস্য এনে মেতায়েন করা হয়েছে।
তিনি বলেন, হুমকি পর্যালোচনা করে নিরাপত্তা পরিকল্পনা প্রতিদিনই আমরা পরিবর্তন করছি। আগামী দিনের জন্য সরকারি স্থাপনা, জানমাল ও জনগণকে নিরাপত্তা দেয়ার জন্য আমাদের যা যা করণীয়, আমরা পুলিশের পক্ষ থেকে সেটা করে যাবো।
নজর রাখছে সরকার: গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মহড়া ও ঘটনাবলির দিকে নজর রাখছে সরকার। পরিস্থিতি দেখে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর করণীয় ঠিক করা হবে। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানিয়েছে, গোপালগঞ্জের পরিস্থিতি গতকালের মন্ত্রিসভার বৈঠকেও আলোচনা হয়েছে। সূত্র জানায়, সরকার এখনই বলপ্রয়োগ করতে চায় না। পরিস্থিতি নজরে রেখে সে অনুযায়ী পদক্ষেপ নেয়া হবে।
