কুমিল্লায় মাদক কারবার, কিশোর গ্যাং ও ছিনতাইবিরোধী অভিযানে ৭২ ঘণ্টায় ৬১৭ জনকে আটক করেছে জেলা পুলিশ। তাদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য হিসেবে চিহ্নিত ১১৯ জন রয়েছেন। আটক ব্যক্তিদের মধ্যে ৪০১ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। বাকি ২১৬ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় দেয়া হয়েছে। রোববার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গত ১২ থেকে ১৪ই নভেম্বর পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের পাশাপাশি গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযানে অংশ নেয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, কুমিল্লার বিভিন্ন এলাকা এবং কিশোর বয়সীদের উৎপাত রয়েছে- এমন স্থানগুলোকে অভিযানের আওতায় আনা হয়। মাদক ব্যবসা, কিশোর গ্যাং ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অভিযানে অংশ নেন। পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, উঠতি বয়সী কিশোরদের অপরাধ থেকে দূরে রাখা এবং পড়াশোনায় ফিরিয়ে আনতে নিয়মিত এ ধরনের অভিযান চালানো হচ্ছে। একইসঙ্গে কিশোর অপরাধ, ছিনতাই, চুরি এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ড প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।
