ফাইনালের মঞ্চ প্রস্তুত ছিল বাংলাদেশের জন্য। ঘরের মাঠ, গ্যালারিভর্তি দর্শক, হামজা চৌধুরী-শমিত সোমদের নিয়ে শক্তিশালী দল- সব মিলিয়ে ২১ বছর পর সাফের ফাইনালে ওঠার স্বপ্ন দেখছিল লাল-সবুজের সমর্থকরা। কিন্তু শেষ মুহূর্তের এক গোলে সেই স্বপ্ন ভেঙে দেয় পাকিস্তান। এখন ফাইনালে ভারত-পাকিস্তান, আর বাংলাদেশকে বিদায় নিতে হলো ব্যর্থতার হিসাব নিয়ে। গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের ভুল কি এই হারের একমাত্র কারণ, নাকি কোচের পরিকল্পনা, দল নির্বাচন ও কৌশলগত দুর্বলতাই ডুবিয়েছে বাংলাদেশকে? সাবেক ফুটবলার ও কোচদের বিশ্লেষণে উঠে এসেছে ঘাটতির চিত্র।
২০০৩ সাফজয়ী দলের সদস্য ও সাবেক কোচ আলফাজ আহমেদের মতে, এই হারের দায় মূলত কোচিং ম্যানেজমেন্টের। শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে ৪-০ গোলের জয়ের পর গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের বিশ্রাম না দেয়াকে বড় ভুল মনে করেন তিনি। আলফাজ বলেন, ‘প্ল্যানিংয়ে ভুল ছিল। আমাদের ফুল স্কোয়াড শ্রীলঙ্কার সঙ্গে খেলানো হলো। কোচ তাদের পাকিস্তান ম্যাচের আগে বিশ্রাম দেননি।’ শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। এরপরও হামজা চৌধুরীকে পুরো ৯০ মিনিট এবং ফারহান আলী ওয়াহিদকে ৬৭ মিনিট খেলান কোচ থমাস ডুলি। পাকিস্তানের বিপক্ষে দুজনই ছিলেন শুরুর একাদশে। আলফাজের মতে, ম্যাচের শেষ দিকে গোল না পেয়ে বাংলাদেশ চাইলে রক্ষণাত্মক কৌশলে গিয়ে খেলাকে অতিরিক্ত সময়ে নিতে পারত। তার প্রশ্ন, ৮০ মিনিটের পর নতুন পরিকল্পনায় না গিয়ে কেন একইভাবে আক্রমণে ছিল দল? পাকিস্তানের গোলটির আগে শ্রাবণের ভুল থ্রো অবশ্য আলোচনায় এসেছে সবচেয়ে বেশি। তবে জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম মনে করেন, একটি ভুল দিয়েই পুরো পরাজয়ের ব্যাখ্যা হয় না।
তিনি বলেন, ‘গোলকিপার কোনো দিন মাঝখানে এভাবে বল দেয় না। কেন দিয়েছে, সেটা আসলে ধারণার বাইরে। ভুল তো হতেই পারে। কিন্তু এত বড় ভুল করলে তার খেসারত দিতেই হবে।’ একই সঙ্গে তিনি মনে করিয়ে দেন, ম্যাচে বাংলাদেশের অন্য খেলোয়াড়দেরও ভুল ছিল। মামুনুলের বড় আপত্তি দলের প্রস্তুতি ও পরিকল্পনা নিয়ে। সাফের আগে সান মারিনোর বিপক্ষে ৯ গোল হজম করে আসার পরও যথাযথ প্রস্তুতি হয়েছে কি না, সেই প্রশ্ন তুলেছেন তিনি। তার মতে, ভারতের দ্বিতীয় বা তৃতীয় সারির দলও ফাইনালে উঠছে, পাকিস্তানও নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে; অথচ বাংলাদেশ প্রতিপক্ষ অনুযায়ী কার্যকর পরিকল্পনা সাজাতে পারেনি। শেখ মোরসালিনকে পুরো টুর্নামেন্টে মাঠে না নামানো এবং গোলের জন্য ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষকে সামনে খেলানোর সিদ্ধান্ত নিয়েও সমালোচনা করেছেন তিনি।
সাবেক ফরোয়ার্ড জাহিদ হাসান এমিলির চোখে, ম্যাচ রিডিংয়েও পিছিয়ে ছিলেন ডুলি। প্রতিপক্ষ কোচ নোলবার্তো আলবিনো সোলানো হামজাকে কার্যকর হতে দেননি। ফারহান আলী ওয়াহিদের ভেতরে ঢুকে আক্রমণে ওঠার জায়গাও বন্ধ করে দিয়েছিল পাকিস্তান। এমিলির মতে, প্রতিপক্ষের পরিকল্পনা মাঠে কার্যকর হলেও বাংলাদেশ নিজেদের কৌশল বাস্তবায়ন করতে পারেনি। গোল হজমের পর রক্ষণেও দৃঢ়তা দেখাতে ব্যর্থ হয়েছে দল। তপু বর্মণকে নামানো নিয়েও প্রশ্ন উঠেছে। ভুটান ম্যাচের আগে ওয়ার্মআপে চোট পেয়ে ছিটকে যাওয়া এই অভিজ্ঞ ডিফেন্ডার সুস্থ হওয়ার পরও পাকিস্তানের বিপক্ষে সুযোগ পাননি। ফলে গুরুত্বপূর্ণ ম্যাচে দলের রক্ষণভাগের অভিজ্ঞতা ও ভারসাম্য নিয়েও আলোচনা তৈরি হয়েছে। সাফে প্রথমবার ফাইনালে উঠেছে পাকিস্তান, ১৮ বছর পর সেমিফাইনালে খেলেছে ভুটান। ভারত উঠেছে রেকর্ড ১৪তমবারের মতো ফাইনালে। দক্ষিণ এশিয়ার অন্য দলগুলো যখন এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ তখনও প্রস্তুতি, পরিকল্পনা ও কৌশলগত দুর্বলতায় আটকে আছে। ২৩ বছরের শিরোপা-খরা কাটানোর স্বপ্ন পূরণ হয়নি এবারও। তবে প্রশ্ন শুধু পরবর্তী সাফের অপেক্ষা নয়, প্রশ্ন হলো- এই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশ আদৌ নিজেদের বদলাতে পারবে কি না।
