সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপার অন্যতম দাবিদার ছিল বাংলাদেশ। ঘরের মাঠে সমর্থকদের প্রত্যাশাও ছিল আকাশচুম্বী। কিন্তু পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে থমাস ডুলির দলকে। এই হারের পর গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের ভুলের পাশাপাশি কোচের পরিকল্পনা, খেলোয়াড় নির্বাচন ও বদলি নামানোর সময় নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। এবার সেই সমালোচনায় যোগ দিলেন জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। তার মতে, শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের বিশ্রাম না দেয়া এবং পাকিস্তান ম্যাচে কৌশলগত সিদ্ধান্তে ভুল ছিল। শুধু খেলোয়াড় নয়, এসব থেকে শিক্ষা নিতে হবে কোচ ও ম্যানেজমেন্টকেও।
গ্রুপ পর্বে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ। ওই ম্যাচে ২-০ গোলে এগিয়ে যাওয়ার পরও হামজা চৌধুরীর মতো গুরুত্বপূর্ণ ফুটবলারকে পুরো ৯০ মিনিট খেলান কোচ ডুলি। অথচ মাত্র ৪৮ ঘণ্টা পরই ছিল পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল। ওই সময় হামজাকে বিশ্রাম দেয়ার সুযোগ ছিল কিনা জানতে চাইলে জামাল বলেন, ‘আগের ম্যাচে যখন ফলাফল ২-০ ছিল, তখন আমার মনে হয় হামজা, শমিতের মতো খেলোয়াড়ের বিশ্রাম প্রয়োজন ছিল। কারণ এর ঠিক ৪৮ ঘণ্টা পরেই আমাদের আরেকটি ম্যাচ ছিল। সেখানে কিছু ভুলত্রুটি হয়েছে। শুধু খেলোয়াড়দের নয়, ম্যানেজমেন্টকেও এসব বিষয় থেকে শিক্ষা নিতে হবে। তবে দিন শেষে কে খেলবে, কে খেলবে না, সেটা কোচের সিদ্ধান্ত।’
পাকিস্তানের বিপক্ষে হারের পর এখনো সেই হতাশা কাটিয়ে উঠতে পারেননি জামাল। আক্ষেপের কথা জানাতে গিয়ে তিনি বলেন, ‘অনেক খারাপ লাগছে। ঘুমাতেও পারি না। সারারাত আমি হামজার রুমে ছিলাম, সকাল ছয়টা পর্যন্ত। আগের ম্যাচের মতো আমরা খেলতে পারিনি। এর পেছনে হয়তো টেকনিক্যাল কিছু ঘাটতি ছিল।’ পাকিস্তানের কৌশলও অজানা ছিল না বাংলাদেশের। পাঁচ ডিফেন্ডার নিয়ে খেলবে প্রতিপক্ষ, সেটি আগে থেকেই জানতেন জামালরা। কিন্তু সেই রক্ষণ ভাঙার কার্যকর কোনো পরিকল্পনা মাঠে দেখা যায়নি বলে মনে করেন তিনি। জামাল বলেন, ‘আমরা জানতাম পাকিস্তান পাঁচ ডিফেন্ডার নিয়ে খেলবে। সাধারণত এমন দলের বিপক্ষে খেলার কিছু সমাধান থাকে। কিন্তু ম্যাচে আমি কোনো সমাধান দেখিনি। বিষয়টি হতাশাজনক।’
কোচের আরেকটি সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছেন জামাল। ম্যাচের শেষ দিকে যখন দলের খেলোয়াড়রা ক্লান্ত, তখন বদলি হিসেবে তাকে মাঠে নামানো হয় যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে। অথচ তার প্রত্যাশা ছিল আরও আগে মাঠে নামার। জামাল বলেন, ‘দলের সবাই ক্লান্ত ছিল। আমি ভেবেছিলাম আরও আগে নামবো। কিন্তু শেষ দিকে আমাকে ডাকা হলো। আমরা যখন নামলাম, তখন ৯০ মিনিট পেরিয়ে দুই মিনিট যোগ হয়েছে। এ নিয়ে ম্যাচের পর অনেক কথা বলেছি। তখন আমার রাগও ছিল।’ ম্যাচ শেষে ড্রেসিংরুমে খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছেন কোচ ডুলি। তবে জামালের মতে, এখন আর শুধু কথা বলে লাভ নেই; প্রয়োজন ভুলগুলো চিহ্নিত করে সেখান থেকে শিক্ষা নেয়া।’
