হৃদয়-লিটনের রেকর্ড জুটিতে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ

হৃদয়-লিটনের রেকর্ড জুটিতে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ

ফন্ট সাইজ:

ইনিংসের প্রথম বলে অভিষিক্ত মাহফিজুল ইসলাম রবিনকে দিয়ে শুরু। এরপর মুমিনুল হক ও অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ফিরিয়ে বাংলাদেশকে ব্যাকফুটে ঠেলে দেন কাগিসো রাবাদা। তবে এরপর স্বাগতিকদের চওড়া ব্যাট দেখায় বাংলাদেশ। সফরকারীরা শুরুর সেই ধাক্কা সামলায় চতুর্থ উইকেট জুটিতে। তানজিদ হাসান তামিম ও তাওহিদ হৃদয় মিলে গড়েন ৯৯ রানের জুটি। এরপর ষষ্ঠ উইকেটে রেকর্ড জুটি গড়েন হৃদয় ও লিটন কুমার দাস । এ দু’জন মিলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যেকোনো ফরম্যাটে সর্বোচ্চ রানের জুটি গড়েন। ভেঙে দেন জাকের আলী ও মেহেদী হাসান মিরাজের ২০২৪ সালে সপ্তম উইকেটে গড়া ১৩৮ রানের জুটির রেকর্ড। সেঞ্চুরি তুলে নেন হৃদয়। সিলেট টেস্টে ডাবল সেঞ্চুরির পর জোহানেসবার্গে পেলেন তিন অঙ্কের ছোঁয়া। বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি পেলেন হৃদয়। এর আগে প্রথম বাংলাদেশি হিসেবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি করেন মাহমুদুল হাসান জয়।

এর আগে চাপের মুখে দাঁড়িয়ে চতুর্থ উইকেটে প্রতিরোধ গড়েন ওপেনার তানজিদ হাসান তামিম ও মিডল অর্ডার ব্যাটার তাওহীদ হৃদয়। প্রোটিয়া পেসারদের বাউন্স ও সুইং সামলে ৬৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে লাঞ্চ বিরতিতে যান দু’জন। তানজিদ তুলে নেন তার টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতক। বিরতি থেকে ফিরে আবারো আঘাত হানেন কাগিসো রাবাদা। ৩৫তম ওভারের প্রথম বলে অর্ধশতক পেরোনো তানজিদকে ফিরিয়ে ৯৯ রানের জুটি ভাঙেন তিনি। এটি দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ জুটি। ২০০২ সালে হান্নান সরকার ও হাবিবুল বাশারের ৮৪ রানের জুটিকে পেছনে ফেলেন তানজিদ ও হৃদয়। ৬৭ রানে তানজিদকে ফেরানোর পরের বলে অভিজ্ঞ মুশফিকুর রহীমকে শূন্য রানে ফেরান রাবাদা।

এর মাধ্যমে টেস্ট ক্যারিয়ারে ১৮তম ফাইফার পান এই প্রোটিয়া গতি তারকা। ১২১ রানেই ৫ উইকেট হারিয়ে আবারো বিপদে পড়ে বাংলাদেশ। এরপর সাতে নামা লিটন কুমার দাসকে নিয়ে ইনিংস মেরামতের দায়িত্ব নেন হৃদয়। টেস্ট ক্যারিয়ারে টানা তৃতীয় ফিফটি তুলে নেন তিনি। সিলেট টেস্টের প্রথম ইনিংসে অপরাজিত ২৪২ রানের পর দ্বিতীয় ইনিংসে করেছিলেন ৮২ রান। ফর্মের সেই ধারার ছাপ দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও রাখলেন হৃদয়। দ্বিতীয় সেশনের শুরুতে তামিম-মুশফিককে হারালেও লিটন-হৃদয়ের ৬৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে চা বিরতির আগে ৫ উইকেটে ১৮৪ রান তোলে বাংলাদেশ। চা বিরতির পর টেস্টে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবার শতরানের জুটির দেখা পায় বাংলাদেশ। এই মাইলফলকে নাম লেখান তাওহিদ হৃদয় ও লিটন দাস।

৭১ বল খেলে টেস্টে নিজের ২২তম ফিফটি তুলে নেন লিটন। এর আগে টস জিতে আগে ব্যাট করতে নেমে পুরনো রোগ পেয়ে বসে বাংলাদেশকে। অস্ট্রেলিয়া, আফগানিস্তান কিংবা ঘরের মাঠের ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গেও ব্যর্থ টপ অর্ডার ব্যাটাররা। ২২ রানে টপঅর্ডারের তিন ব্যাটারকে হারায় বাংলাদেশ। শেষ ১০ ইনিংসে এ নিয়ে ষষ্ঠবারের মতো দলীয় ৬০ রানের আগেই টপ অর্ডারের তিন ব্যাটারকে হারালো টাইগাররা। গত আগস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাকে টেস্টের দুই ইনিংসেই যথাক্রমে ৯ ও ২৪ রানে ৩ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। এরপর অক্টোবরে আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৫৩ রানে এবং মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ২৮ রানে প্রথম তিন ব্যাটার আউট হন। চলতি মাসের শুরুতে সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসেও ৫১ রানে পড়ে প্রথম ৩ উইকেট।