অনাকাঙ্ক্ষিত রেকর্ডের পাতায় রবিন

অভিষেকের প্রথম বলেই বিদায়

অনাকাঙ্ক্ষিত রেকর্ডের পাতায় রবিন

ফন্ট সাইজ:

টেস্ট ক্রিকেটে স্বপ্নের অভিষেকের অপেক্ষায় ছিলেন মাহফিজুল ইসলাম রবিন। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে পান জাতীয় দলের টেস্ট ক্যাপ। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটের দীর্ঘ পরিসরে প্রথম পদক্ষেপটা হয়ে থাকলো দুঃস্বপ্নের মতো। ক্যারিয়ারের প্রথম বলেই আউট হয়ে গোল্ডেন ডাক নিয়ে সাজঘরে ফিরলেন এই তরুণ ওপেনার। একই সঙ্গে নাম লেখালেন টেস্ট ইতিহাসের বিরল এক অনাকাঙ্ক্ষিত রেকর্ডে।

ওয়ান্ডারার্সে সিরিজের প্রথম টেস্টে ইনিংসের প্রথম ওভারে বল হাতে নেন দক্ষিণ আফ্রিকার গতি তারকা কাগিসো রাবাদা। তার প্রথম বলটি মোকাবিলা করতে গিয়ে ব্যাটের কানায় লাগান রবিন। বলটি গালিতে থাকা মার্কো ইয়ানসেনের হাতে জমা পড়তেই শেষ হয়ে যায় বাংলাদেশের ১১২তম টেস্ট ক্রিকেটারের অভিষেক ইনিংস। টেস্ট অভিষেকের প্রথম বলেই আউট হওয়ার বিরল বিব্রতকর রেকর্ডে নাম লেখান রবিন। আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটের ইতিহাসে অভিষেক ম্যাচের প্রথম বলেই সাজঘরে ফেরা চতুর্থ ব্যাটার তিনি। এর আগে ১৯৯২ সালে দক্ষিণ আফ্রিকার জিমি কুক, ২০০১ সালে ওয়েস্ট ইন্ডিজের লিওন গ্যারিক এবং ২০২১ সালে আফগানিস্তানের আবদুল মালিকের কপালে জোটে একই পরিণতি।

বাংলাদেশের ক্রিকেটেও এমন অভিজ্ঞতা নতুন নয়। তবে অভিষেক টেস্টে প্রথম বলেই গোল্ডেন ডাকের শিকার হওয়া চতুর্থ বাংলাদেশি ক্রিকেটার রবিন। এর আগে ২০০৪ সালে নাজমুল হোসেন, ২০০৬ সালে আবদুর রাজ্জাক এবং ২০১৮ সালে নাজমুল ইসলাম অপু এই বিব্রতকর রেকর্ডে নাম লিখিয়েছিলেন। তবে বাংলাদেশের প্রথম ওপেনার হিসেবে টেস্ট অভিষেকের প্রথম বলেই আউট হওয়ার নজির গড়লেন রবিন। রবিনের বিদায়ের দিনটি স্মরণীয় হয়ে থাকবে রাবাদার জন্যও। টেস্ট ম্যাচের প্রথম বলেই উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার চতুর্থ বোলার হিসেবে এই বিরল কীর্তি গড়েছেন তিনি। এর আগে বার্ট ভোগলার (১৯০৭), অ্যালান ডোনাল্ড (২০০১) ও ডেল স্টেইন (২০১০) এমন নজির স্থাপন করেন।