‘ডাবল সেঞ্চুরিতে’ সবাইকে ছাড়িয়ে মোসাদ্দেক

‘ডাবল সেঞ্চুরিতে’ সবাইকে ছাড়িয়ে মোসাদ্দেক

ফন্ট সাইজ:

জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) শেষ রাউন্ডের দ্বিতীয় দিনে সেঞ্চুরি পেয়েছেন সিলেটের অমিত হাসান ও ঢাকার আশিকুর রহমান শিবলি। আর ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে আলো কাড়েন ময়মনসিংহের মোসাদ্দেক হোসেন সৈকত। প্রথম শ্রেণির ক্রিকেটে ডানহাতি এ ব্যাটারের চতুর্থ ডাবল সেঞ্চুরি। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে এ রেকর্ড গড়েন ৩০ বছর বয়সী এ অলরাউন্ডার। সিলেট একাডেমি মাঠে রাজশাহীর বিপক্ষে ২২০ রানের ইনিংস খেলেন মোসাদ্দেক। শেষ রাউন্ড শুরুর দিনে সেঞ্চুরি পেয়েছিলেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে সেটি ছিল মোসাদ্দেকের সাত বছর পর তিন অঙ্ক ছোঁয়া ইনিংস। সেটিকে ডাবল সেঞ্চুরিতে রূপ দিলেন তিনি। ২১৫ বলের ইনিংসে ২২টি চারের পাশাপাশি ১০টি ছক্কা হাঁকান মোসাদ্দেক। তার ব্যাটিং ঝড়ে ভর করে ৯ উইকেটে ৪৪০ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে ময়মনসিংহ। জবাবে দিন শেষে ৩ উইকেটে ১৭৮ রান তোলে রাজশাহী। ৭ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন দলটির ওপেনার হাবিবুর রহমান সোহান। ৫৬ রান করেন তিনে নামা নাঈম আহমেদ।

প্রথম শ্রেণির ক্রিকেটে মোসাদ্দেকের ডাবল সেঞ্চরির গল্পটা শুরু হয় এক দশক আগে। ২০১৫ সালের ফেব্রুয়ারিতে ক্যারিয়ারের ষষ্ঠ ম্যাচে নিজের প্রথম শতককে ২৫০ রানে নিয়ে গিয়েছিলেন তিনি। পরের ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে খেলেন ৩০৯ বলে ২৮২ রানের ক্যারিয়ারসেরা ইনিংস। টানা দুই ইনিংসে ডাবল সেঞ্চুরি করে ব্র্যাডম্যান ও সাঙ্গাকারাদের মতো কিংবদন্তিদের কাতারে নাম লেখান মোসাদ্দেক। এরপর ২০১৫-১৬ মৌসুমে সিলেটের বিপক্ষে অপরাজিত ২০০ রানের ইনিংস খেলে দেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে তিনটি ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন। পরে মোসাদ্দেকের তিন ডাবল সেঞ্চুরির রেকর্ডে ভাগ বসান অলক কাপালি, তুষার ইমরান, মুশফিকুর রহীম, লিটন কুমার দাস, রনি তালুকদার, অমিত হাসান, তাওহিদ হৃদয় ও তাইবুর রহমান। তাদের ছাড়িয়ে রেকর্ডটি আবারো নিজের করে নিলেন মোসাদ্দেক।

প্রথম শ্রেণির ক্যারিয়ারে তার ১২টি সেঞ্চুরির চারটিই ডাবল সেঞ্চুরি। দিনের আরেক ম্যাচে খুলনায় বরিশালের ২২৮ রানের জবাবে অমিত হাসানের ১০১ রানের সুবাদে ৪ উইকেটে ২৩৯ রান তুলে ১১ রানের লিড নেয় সিলেট। এর আগে সিলেটের হয়ে বল হাতে পাঁচ উইকেট নেন পেসার আবু জায়েদ রাহি। রাজশাহীতে চট্টগ্রামের ২৮৮ রানের জবাবে আশিকুর রহমান শিবলির ১০৫ রানের ইনিংসে ভর করে ৭ উইকেটে ২৮২ রান করে ঢাকা। এদিন প্রথম শ্রেণির ক্রিকেটে ১০০তম উইকেট শিকারের মাইলফলকে পৌঁছান ইরফার হোসাইন। ৩২ ম্যাচে এ কীর্তি গড়েন চট্টগ্রামের এ পেসার। আর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে রেকর্ড অষ্টম শিরোপার দৌড়ে থাকা খুলনার বিপক্ষে প্রথম ইনিংসে ৩৩৮ রানে অলআউট হয় রংপুর। জবাবে নুরুল হাসান সোহানের অপরাজিত ৯৪ রানে ভর করে ৭ উইকেটে ২৭৬ রান তুলে দ্বিতীয় দিন শেষ করে খুলনা।

একনজরে মোসাদ্দেকের চার ডাবল সেঞ্চুরি:
স্কোর দল প্রতিপক্ষ ভেন্যু মৌসুম
২৫০ বরিশাল রংপুর বিকেএসপি-৩ ২০১৪-১৫
২৮২ বরিশাল চট্টগ্রাম বিকেএসপি-২ ২০১৪-১৫
২০০* বরিশাল সিলেট খুলনা ২০১৫-১৬
২২০ ময়মনসিংহ রাজশাহী সিলেট একাডেমি ২০২৬-২৭