স্বাধীনতার পর প্রথমবারের মতো দিনাজপুরের হিলি রেলস্টশনে যাত্রাবিরতি শুরু হয়েছে ঢাকাগামী আন্তঃনগর ট্রেন। প্রথম দিন স্টেশনে ট্রেন পৌঁছালে যাত্রী ও চালককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান স্থানীয়রা, আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেন হিলিবাসী।
হিলি রেলস্টেশনে প্রথমবার ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি শুরু হওয়ায় হিলিবাসীর কাছে দিনটি হয়ে উঠেছে স্মরণীয়। রোববার সকাল সাড়ে ৮টায় চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেসের যাত্রাবিরতির মধ্যদিয়ে শুরু হয় এই কার্যক্রম। একইদিন দুপুর দুইটাই ঢাকা থেকে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেসও হিলি স্টেশনে যাত্রাবিরতি শুরু করে। যাত্রাবিরতির প্রথম যাত্রী হতে পেরে উচ্ছ্বসিত যাত্রীরাও। দিনটি তাদের কাছে স্মরণীয় বলে মনে করেন তারা। ১৮৭৮ সালে প্রতিষ্ঠিত হিলি রেলস্টেশনটি, বৃটিশ আমলে গুরুত্বপূর্ণ থাকলেও স্বাধীনতার পর সীমান্তের অজুহাতে ঢাকাগামী কোনো আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি ছিল না এখানে। ফলে রাজধানীর ঢাকায় যাতায়াত করতে হিলিবাসীকে জয়পুরহাটের পাঁচবিবি স্টেশনে যেতে হতো। এতে বাড়তি সময় ও অর্থব্যয়ের পাশাপাশি পোহাতে হতো চরম ভোগান্তি। ট্রেনের যাত্রাবিরতির দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলেন হিলিবাসী।
সমাজ কল্যাণমন্ত্রী ডাক্তার এ জেড এম জাহিদ হোসেনের প্রচেষ্টায় গত ২৮শে অক্টোবর চিলাহাটি এক্সপ্রেস ও নীলসাগর এক্সপ্রেসের যাত্রাবিরতির অনুমোদন হয়, তখন বলা হয়েছিল ১৫ই নভেম্বর হতে ঢাকাগামী দু’টি ট্রেনের যাত্রা বিরতি হবে, সেই মোতাবেক ট্রেন ২টি যাত্রাবিরতি করে। এদিকে ট্রেন দু’টি যাত্রাবিরতি করায় স্থানীয় বিএনপি’র নেতাকর্মী স্থানীয়রা ট্রেনের চালক, ট্রেনের স্টাফ, যাত্রীদের রজনীগন্ধা ফুল দিয়ে মিষ্টি খাইয়ে আনন্দ উল্লাস করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি শাহিনুর ইসলাম, এরফান আলী, পৌর বিএনপি’র সভাপতি মোতালেব খান, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন প্রমুখ।
হিলি রেলস্টশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি শুরু
হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি
১৬ নভেম্বর (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
