অমর একুশে বইমেলায় প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত বিক্রি প্রায় ১৭ কোটি টাকা। রোববার বইমেলার সমাপনী অনুষ্ঠানে মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব মো. সেলিম রেজা প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেন। এতে বলা হয়, মেলায় অংশগ্রহণকারী ৫৮৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৫৭০টি ছিল প্রকাশনা প্রতিষ্ঠান। এর মধ্যে ২৬৯টি প্রতিষ্ঠানের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী মেলার ১৭ দিনে তাদের মোট বই বিক্রি হয়েছে প্রায় ৮ কোটি টাকা। এই হিসাবের গড় ধরে ধারণা করা হয়েছে, সবমিলিয়ে ৫৭০টি প্রতিষ্ঠানের বিক্রির পরিমাণ দাঁড়ায় প্রায় ১৭ কোটি টাকা।
জাতীয় সংসদ নির্বাচন ও পবিত্র রমজানের কারণে নির্ধারিত সময়ের অনেক পরে মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলা শুরু হয় গত ২৬শে ফেব্রুয়ারি থেকে। মেলার আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমিও নিজস্ব স্টল থেকে বই বিক্রির হিসাব প্রকাশ করেছে। ১৪ই মার্চ পর্যন্ত ১৭ দিনে বাংলা একাডেমি বিক্রি করেছে ১৭ লাখ ৪ হাজার ৬২৯ টাকার বই। মেলায় বাংলা একাডেমিসহ সব প্রতিষ্ঠানের বই ২৫ শতাংশ কমিশনে বিক্রি হয়েছে। এবারের মেলায় নতুন বইয়ের সংখ্যাও ছিল উল্লেখযোগ্য। তথ্যকেন্দ্রের হিসাবে ১৪ই মার্চ পর্যন্ত জমা পড়েছে ১ হাজার ৭৭১টি নতুন বই। তবে সব প্রকাশনা প্রতিষ্ঠান তথ্যকেন্দ্রে বই জমা না দেয়ায় প্রকৃত সংখ্যা এর চেয়েও বেশি বলে ধারণা করা হচ্ছে। নিবন্ধন অনুযায়ী ২৫২টি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান জুড়ে এবারের মেলায় ৫৮৪টি প্রতিষ্ঠানকে ১০৬৮ ইউনিটের স্টল বরাদ্দ দেয়া হয়। শিশুদের জন্য ৬৩টি প্রতিষ্ঠানকে দেয়া হয় ১১১ ইউনিটের স্টল, আর লিটল ম্যাগাজিন চত্বরে ছিল ৯০টি লিটল ম্যাগ স্টল। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এবারের মেলায় স্টল ভাড়া মওকুফ করা হয়। যারা আগে স্টল ভাড়ার টাকা জমা দিয়েছিলেন, তাদের অর্থ ফেরত দেয়ার প্রক্রিয়া চলছে বলেও জানানো হয়।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, এবারের মেলার মূল প্রতিপাদ্য ছিল ‘বহুমাত্রিক বাংলাদেশ’। বিভিন্ন আয়োজন ও আলোচনাকে এই প্রতিপাদ্যের আলোকে সাজানো হয়েছিল। শিশুদের জন্য পৃথক চত্বর, শিশুপ্রহর, পাপেট শো ও বায়োস্কোপের আয়োজন ছিল বিশেষ আকর্ষণ। মেলার নিরাপত্তা নিশ্চিত করতে পুরো এলাকা জুড়ে তিন শতাধিক সিসিটিভি ক্যামেরা বসানো হয়। বাংলাদেশ পুলিশ, র্যাব, আনসার, বিএনসিসি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা যৌথভাবে নিরাপত্তার দায়িত্ব পালন করেছে। মেলা প্রাঙ্গণকে পলিথিন ও ধূমপানমুক্ত রাখার উদ্যোগ এবং নিয়মিত ধুলা নিবারণ ও পরিচ্ছন্নতার ব্যবস্থাও প্রশংসিত হয়েছে।
বইমেলায় প্রায় ১৭ কোটি টাকার বই বিক্রি
স্টাফ রিপোর্টার
১৬ মার্চ (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
