ভিসি’র উপস্থিতিতে বেরোবিতে ফ্যাসিবাদবিরোধী মানববন্ধন

ভিসি’র উপস্থিতিতে বেরোবিতে ফ্যাসিবাদবিরোধী মানববন্ধন

ফন্ট সাইজ:

ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের মিডিয়া চত্বরে বিএনপি-জামায়াতপন্থি শিক্ষকদের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. শওকাত আলীসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা অংশ নেন। কর্মসূচিতে ভিসি অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, যে দলেরই হোক না কেন, কোনো অপশক্তিকে প্রশ্রয় দেয়া হবে না। বিশ্ববিদ্যালয়ের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, ‘আমি আহ্বান জানাবো, আসুন আমরা এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মাটিতে আর কোনো অপশক্তি যেন না থাকে। আপনারা জ্ঞানী ব্যক্তি, শিক্ষকতা পেশায় এসেছেন।

আপনারা কীভাবে এই অপশক্তিকে প্রশ্রয় দেন? আমি অত্যন্ত স্পষ্ট ভাষায় তাদের আহ্বান জানাবো, আগে যা করেছেন করেছেন। আসুন, আমরা সবাই মিলে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষিত করে তুলি।’ তিনি আরও বলেন, ‘আমাদের সমাজ আমাদের কাছে প্রত্যাশা করে, আমরা যেন বিশ্ববিদ্যালয় থেকে জ্ঞানের আলো ছড়িয়ে দিই। আমরা তাদের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ। আমরা কোনো অপশক্তিকে, সে যে দলেরই হোক না কেন, প্রশ্রয় দেবো না।’ এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সাদা দলের সদস্য সচিব ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফেরদৌস রহমান বলেন, দেশে আবার কোনো অপশক্তি বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রয়োজনে আবারো শহীদ হওয়ার প্রস্তুতি রয়েছে, তবে বিশৃঙ্খলার ক্ষেত্রে কোনো ছাড় দেয়া হবে না।