বগুড়ার আদমদীঘির সান্তাহারে যাত্রীবেশে অটোরিকশা ভাড়া করে যাওয়ার পথে সোলাইমান আলী (৬৫) নামে এক অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত সোলাইমান আলী সান্তাহার পৌর এলাকার বশিপুর সরদারপাড়ার মৃত ওসমান আলীর ছেলে। তিনি সান্তাহার লোকো পূর্ব কলোনির রেলওয়ে কোয়ার্টারে বসবাস করতেন। শনিবার রাত ৯টার দিকে সান্তাহার পৌর শহরের হেমুতখালী-খয়রাবাদ এলাকার মাঝখানে একটি পরিত্যক্ত ইটভাটার কাছে এ ঘটনা ঘটে।
জানা যায়, শনিবার রাত ৯টার দিকে অজ্ঞাত তিন ব্যক্তি যাত্রীবেশে সান্তাহার পৌর শহরের রিকশা স্ট্যান্ড থেকে তার অটোরিকশা ভাড়া করে। পরে তারা নওগাঁ সদর উপজেলার খয়রাবাদ গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে সান্তাহার হেমুতখালী পার হয়ে ওই গ্রামের সামনে একটি পরিত্যক্ত ইটভাটার কাছে পৌঁছালে যাত্রীবেশে থাকা দুর্বৃত্তরা সোলাইমান আলীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এরপর তাকে ফেলে রেখে পালিয়ে যায়। পরে তার চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের ধারণা, পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে হত্যার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এদিকে খবর পেয়ে সান্তাহার ফাঁড়ি পুলিশ ও নওগাঁ সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামরুজ্জামান মিজান বলেন, আমাদের এলাকার শেষ সীমানায় হলেও ঘটনাস্থল নওগাঁয়। এ কারণে নওগাঁ সদর থানার পুলিশ লাশটি নিয়ে যায় এবং তারাই ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। তবে হত্যাকাণ্ডের রহস্য উদ্?ঘাটন ও জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।
