ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় চলাচলের জন্য ১১টি প্রতিষ্ঠানের নকশা করা ব্যাটারিচালিত ই-রিকশা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নিরাপত্তা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। পাশাপাশি আরও চারটি প্রতিষ্ঠানের পরীক্ষার প্রক্রিয়া চলমান। নীতিমালা অনুযায়ী, প্রয়োজনীয় কাগজপত্র যাচাই ও কারখানা পরিদর্শন শেষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে রিকশা উৎপাদনের অনুমতি দেবে ডিএসসিসি। গতকাল রোববার বিকালে নগর ভবনে ই-রিকশার মডেল পরিদর্শন শেষে এসব তথ্য জানান ডিএসসিসি’র প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি জানান, ডিএসসিসি’র চারটি অঞ্চলে যথাক্রমে সবুজ, নীল, বেগুনি ও কমলা রংয়ের ই-রিকশা চলাচলের সিদ্ধান্ত নেয়া হয়েছে। নগরীতে চলাচলের উপযোগী ই-রিকশা উৎপাদনের লক্ষ্যে এরই মধ্যে ১১টি প্রতিষ্ঠানের নকশা বুয়েটের নিরাপত্তা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আরও চারটি প্রতিষ্ঠানের পরীক্ষার প্রক্রিয়া চলছে।
প্রশাসক বলেন, পরবর্তী ধাপে প্রতিষ্ঠানগুলো নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্রসহ সিটি করপোরেশনে আবেদন করবে। কাগজপত্র যাচাই-বাছাই ও কারখানা পরিদর্শন শেষে সন্তোষজনক ফল পাওয়া গেলে তাদের উৎপাদনের অনুমতি দেয়া হবে। বিদ্যমান অটোরিকশার ভবিষ্যৎ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি নতুন বা পুরনো মডেলের নয়। বরং যাত্রীর নিরাপত্তা ও সড়কের শৃঙ্খলাই এখানে মুখ্য। বুয়েটের নিরাপত্তা পরীক্ষায় উত্তীর্ণ হলে নতুন বা পুরনো যেকোনো মডেলকেই লাইসেন্স দেয়া হবে।
তবে নির্দিষ্ট জোনে নির্ধারিত সংখ্যার বেশি কাউকে লাইসেন্স দেয়া হবে না। দক্ষিণ সিটিতে ই-রিকশার নিবন্ধনে আবেদন ছাড়ালো ২৭ হাজার ডিএসসিসি’র জনসংযোগ বিভাগ জানিয়েছে, ব্যাটারিচালিত ই-রিকশার নিবন্ধনের জন্য আবেদন ফরম এ পর্যন্ত বিক্রি হয়েছে প্রায় ২৭ হাজার। গত ৩রা নভেম্বর থেকে এসব ফরম বিক্রি শুরু হয়। ডিএসসিসি জানায়, ই-রিকশা চলাচল বিধিমালা, ২০২৬’র শর্ত অনুযায়ী একজন মালিক সর্বোচ্চ পাঁচটি ই-রিকশার নিবন্ধন নিতে পারবেন। এ ক্ষেত্রে বিধিমালার অন্যান্য শর্ত পূরণ করতে হবে। গত ৩রা নভেম্বর থেকে ই-রিকশার নিবন্ধনের আবেদন ফরম বিক্রি শুরু করে ডিএসসিসি। রোববার পর্যন্ত প্রায় ২৭ হাজার ফরম বিক্রি হয়েছে বলে জানায় দক্ষিণ সিটি।
