উদীয়মানদের মঞ্চে ‘বুড়োদের’ পাঠাচ্ছে বাংলাদেশ

এশিয়া কাপ রাইজিং স্টার্স

উদীয়মানদের মঞ্চে ‘বুড়োদের’ পাঠাচ্ছে বাংলাদেশ

ফন্ট সাইজ:

টুর্নামেন্টের নাম ‘রাইজিং স্টার্স’। অর্থাৎ নতুন তারকা তুলে আনার মঞ্চ। অথচ সেই টুর্নামেন্টেই বাংলাদেশ পাঠাচ্ছে অভিজ্ঞ ক্রিকেটারদের বহর। ১৫ সদস্যের দলে আটজনেরই আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা রয়েছে। তাদের কেউ খেলেছেন টেস্ট, কেউ আবার জাতীয় দলের হয়ে দুই সংস্করণের ক্রিকেটে প্রতিনিধিত্ব করেছেন। শুধু তাই নয়, কয়েকজন তো এই টুর্নামেন্টে খেলছেন তৃতীয়, চতুর্থ কিংবা পঞ্চমবারের মতো। তাহলে নতুনদের জায়গা কোথায়? উদীয়মান ক্রিকেটারদের বিকাশের কথা মাথায় রেখে আয়োজিত টুর্নামেন্টে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দল নির্বাচন নিয়েই উঠছে প্রশ্ন। আগামী ১৯ থেকে ২৯শে নভেম্বর কাতারে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্ট। বাংলাদেশের ১৫ সদস্যের দলে অধিনায়ক সাইফ হাসান ছাড়াও রয়েছেন শাহাদাত হোসেন দিপু, ইয়াসির আলী রাব্বি, সাব্বির রহমান, আফিফ হোসেন, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ সাইফউদ্দিন ও রিপন মণ্ডল। এদের মধ্যে চারজনের টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে। বাকিরাও আন্তর্জাতিক ক্রিকেটে নতুন নন।

জাতীয় দলের নিয়মিত পরিকল্পনায় নেই এমন কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটারকে নিয়ে দল সাজানোয় প্রশ্ন উঠেছে, এই টুর্নামেন্টে আসলে কাদের সুযোগ তৈরি করতে চাইছে বিসিবি? দলের সবচেয়ে আলোচিত নাম সাব্বির রহমান। ২০১৩ সালে ইমার্জিং টিম এশিয়া কাপের প্রথম আসরে বাংলাদেশের হয়ে খেলেছিলেন তিনি। ১৩ বছর পর আবারও ফিরছেন একই মঞ্চে। এক সপ্তাহ পর ৩৫ বছরে পা দেবেন এই ব্যাটার। একই দলে রয়েছেন ৩৪ বছর বয়সী ইরফান শুক্কুর। যার বয়স ৩১। সাম্প্রতিক সময়ে তার পারফরমেন্সও আহামরি নয়। পঞ্চম বারের মতো এই টুর্নামেন্ট খেলতে যাওয়া ইয়াসির আলী রাব্বি’র বয়স ৩০। টি-টোয়েন্টি জাতীয় দলের নিয়মিত মুখ অধিনায়ক সাইফ হাসান খেলতে যাচ্ছেন পঞ্চমবারের মতো। আফিফ হোসেন, রাকিবুল হাসান ও রিপন মণ্ডলের এটি তৃতীয় অংশগ্রহণ। পারভেজ ইমন খেলেছেন দুইবার। অর্থাৎ নতুনদের সুযোগ দেওয়ার চেয়ে পরিচিত মুখগুলোর ওপরই বেশি ভরসা রেখেছে নির্বাচকরা।

২০১৩ সালে বয়সভিত্তিক পর্যায়ের ক্রিকেটকে আরও প্রতিযোগিতামূলক করতে ইমার্জিং টিম এশিয়া কাপ চালু করে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। ২০২৫ সালে নাম পরিবর্তন করে রাখা হয় এশিয়া কাপ রাইজিং স্টার্স। নতুন নিয়মে বয়সের বাধ্যবাধকতা তুলে নেওয়া হলেও টুর্নামেন্টটির মূল লক্ষ্য ছিল এশিয়ার উঠতি ক্রিকেটারদের সামনে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করা। কিন্তু বয়সের সীমা না থাকাকে কাজে লাগিয়ে অভিজ্ঞ ক্রিকেটারদেরই বেশি গুরুত্ব দিলে তরুণদের বিকাশের উদ্দেশ্য কতটা পূরণ হবে, সেই প্রশ্ন থেকেই যায়।

এবার আটটি দল অংশ নেবে। দুই গ্রুপে ভাগ হয়ে হবে প্রথম পর্বের খেলা। ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ‘এ’, আফগানিস্তান ‘এ’ ও হংকং। ১৯ নভেম্বর হংকংয়ের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। ২১ নভেম্বর আফগানিস্তান ‘এ’ এবং ২৩ নভেম্বর শ্রীলঙ্কা ‘এ’ দলের মুখোমুখি হবে তারা। সেমিফাইনাল ২৬ অথবা ২৭ নভেম্বর, ফাইনাল ২৯ নভেম্বর। রাইজিং স্টার্স এশিয়া কাপের বাংলাদেশ ‘এ’ দল: পারভেজ হোসেন, সাইফ হাসান (অধিনায়ক), ইফতেখার হোসেন, শাহাদাত হোসেন, ইয়াসির আলী, সাব্বির রহমান, আফিফ হোসেন, ইরফান শুক্কুর, সামিউন বাসীন, রাকিবুল হাসান, মোহাম্মদ রুবেল, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, ইকবাল হোসেন, রিপন মণ্ডল ও মোহাম্মদ সাইফউদ্দিন।