জার্মানির সামনে নেদারল্যান্ডস বাধা

নেশনস লীগে বাঁচা-মরার লড়াই

জার্মানির সামনে নেদারল্যান্ডস বাধা

ফন্ট সাইজ:

ইউরোপিয়ান ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী জার্মানি ও নেদারল্যান্ডস। মাঠের লড়াইয়ে দুই দলের দ্বৈরথ মানেই বাড়তি উত্তেজনা। এবার সেই উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছে উয়েফা নেশনস লীগের সমীকরণ। গ্রুপের শীর্ষস্থান ধরে রেখে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার পথে নেদারল্যান্ডস। অন্যদিকে শেষ আটে জায়গা করে নিতে কঠিন পরীক্ষায় জার্মানি। আজ রাত পৌনে ২টায় বার্লিনের অলিম্পিয়াস্টাডিয়নে মুখোমুখি হবে দুই দল। ম্যাচটি জার্মানির জন্য কার্যত বাঁচা-মরার লড়াই। বিপরীতে এক পয়েন্ট পেলেই গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করার সুযোগ রয়েছে ডাচদের।
গ্রুপ এ২-তে বর্তমানে তৃতীয় স্থানে রয়েছে জার্মানি। ৫ ম্যাচে তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে গ্রিস। ১১ পয়েন্ট নিয়ে চূড়ায় নেদারল্যান্ডস। ফলে শেষ ম্যাচে জিততে না পারলে জার্মানির শেষ আট স্বপ্ন শেষ হয়ে যেতে পারে। জার্মান কোচ ইয়ুর্গেন ক্লপের জন্য ম্যাচটি তাই বিশেষ গুরুত্বের।

গ্রুপের প্রথম দেখায় ডাচদের বিপক্ষে ১-১ গোলে ড্র করে তার দল। ম্যাচের শেষ মুহূর্তে কোডি গাকপোর গোলে জয় হাতছাড়া হয় জার্মানদের। তবে সামপ্রতিক পারফরম্যান্সে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। শুক্রবার সার্বিয়াকে ৩-১ গোলে হারিয়েছে তারা। সেদিন ১৪ মিনিটেই দুই গোল করে এগিয়ে যায় ক্লপের শিষ্যরা। সার্বিয়ার সর্দান বাবিচের আত্মঘাতী গোলের পর ব্যবধান বাড়ান ফ্লোরিয়ান ভির্টৎজ। গ্রিসের বিপক্ষে আগের হার ও ড্রয়ের পর জার্মানির সামনে এখন হিসাব পরিষ্কার- নেদারল্যান্ডসকে হারাতে পারলেই কোয়ার্টার ফাইনালে যাওয়ার পথ সুগম হবে।
অন্যদিকে জাভি হার্নান্দেজের অধীনে দুর্দান্ত ছন্দে রয়েছে নেদারল্যান্ডস।

প্রতিযোগিতায় এখনো অপরাজিত দলটি সর্বশেষ ম্যাচে গ্রিসকে উড়িয়ে দিয়েছে ৭-০ গোলে। সেটি ছিল নেশনস লীগের ইতিহাসে কোনো দলের সবচেয়ে বড় জয়। ওই ম্যাচে টিজানি রেইন্ডার্সের প্রথমার্ধের হ্যাটট্রিক ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। এখন ডাচদের সামনে লক্ষ্য গ্রুপের সেরা হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা। জার্মানির বিপক্ষে ড্র করলেই সেই লক্ষ্য পূরণ হবে। পরিসংখ্যান অবশ্য নেদারল্যান্ডসের জন্য খুব একটা স্বস্তিদায়ক নয়। জার্মানির মাঠে দুই দলের সর্বশেষ ৬ লড়াইয়ে জয় মাত্র ১বার পেয়েছে তারা। তবে প্রতিপক্ষের মাঠে সামপ্রতিক পারফরম্যান্সে আত্মবিশ্বাসী হতে পারে তারা। সব প্রতিযোগিতা মিলিয়ে নিজেদের শেষ সাতটি অ্যাওয়ে ম্যাচে অপরাজিত রয়েছে নেদারল্যান্ডস। জার্মানির আক্রমণভাগে বড় ধাক্কা জামাল মুসিয়ালা ও সার্জ নাবরির অনুপস্থিতি।

দুজনই পেশির সমস্যায় ভুগছেন। তাদের জায়গায় ব্রায়ান গ্রুদা, ফ্লোরিয়ান ভির্টৎজ ও ডেরি শেরহান্টকে আক্রমণভাগে দেখা যেতে পারে। সামনে কাই হাভার্টজকে খেলানোর সম্ভাবনা রয়েছে। নেদারল্যান্ডসও পাচ্ছে না গুরুত্বপূর্ণ মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ংকে। গ্রিসের বিপক্ষে ম্যাচে পিঠের ব্যথায় বিরতির সময় মাঠ ছাড়েন তিনি। পরে বার্সেলোনায় ফিরে গেছেন এই মিডফিল্ডার। তার জায়গায় টেউন কুপমেইনার্সের সঙ্গে জোয়ি ফেরমানকে মাঝমাঠে দেখা যেতে পারে। আক্রমণে ডোনিয়েল মালেন, কোডি গাকপো ও ক্রিসেনসিও সামারভিলের ওপর ভরসা রাখবে ডাচরা।
রোমার হয়ে চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১২ গোল করা মালেন রয়েছেন দারুণ ছন্দে। অন্যদিকে অধিনায়ক ভার্জিল ভ্যান ডাইক না থাকায় রক্ষণ সামলানোর দায়িত্ব পেতে পারেন মিকি ভ্যান ডে ভেন ও ইয়ান পল ভ্যান হেকে।