নাটোরের লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- উপজেলার গোপালপুর পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও মধুবাড়ী গ্রামের নাদিম আলম (৩৪), পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বিরোপাড়া গ্রামের মো. আরিফুল ইসলাম মিজু (৩০), পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বৈদ্যনাথপুর গ্রামের কেতাব আলী মণ্ডল (৬০) এবং ওয়ালিয়া ইউনিয়ন যুবলীগের সদস্য ও ওয়ালিয়া আমিনপাড়া গ্রামের মো. সম্রাট ইসলাম (৩৭)।
থানা সূত্রে জানা যায়, শনিবার বিকাল ৫টার দিকে নিজ বাড়ি থেকে আরিফুল ইসলাম মিজু, সন্ধ্যা ৭টার দিকে ওয়ালিয়া বাজার থেকে সম্রাট ইসলাম, শনিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে নিজ বাড়ি থেকে নাদিম আলম ও দেড়টার দিকে নিজ বাড়ি থেকে কেতাব আলী মণ্ডলকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ মানবজমিনকে বলেন, ১৩ই নভেম্বর ২০২৬ দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার চারজনকে রোববার আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
