খালেদা জিয়ার গাড়িবহরে হামলা

সাবেক কাউন্সিলর আজাদ দুই দিনের রিমান্ডে

ফন্ট সাইজ:

ঢাকার শাহবাগ থানায় দায়ের করা মামলায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলার অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কালাম আজাদ মিন্টুকে দুইদিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শুনানি শেষে এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, এদিন আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক মো. হাসানুজ্জামান তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার অভিযোগে বলা হয়, ২০১৫ সালের ২২শে এপ্রিল ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে প্রচারণায় অংশ নিতে গুলশানের বাসভবন থেকে গাড়িবহর নিয়ে বের হন খালেদা জিয়া। বিকাল সাড়ে ৫টার দিকে শাহবাগের বাংলামোটর সিগন্যালে পৌঁছালে পূর্ব পরিকল্পিতভাবে গাড়িবহরে হামলা চালানো হয়। এ সময় গাড়ি ভাঙচুর করা হয় এবং কয়েকজনকে মারধর করে আহত করা হয়। ঘটনার পর এ বিষয়ে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন