চট্টগ্রামে ওয়াসিমসহ ৬ হত্যা: ২২ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

ফন্ট সাইজ:

অভিযোগ গঠনের সাড়ে চার মাস পর চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রদল নেতা ওয়াসিম আকরামসহ ছয়জনকে হত্যা মামলার ২২ আসামির বিচার শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। রোববার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ চিফ প্রসিকিউটরের সূচনা বক্তব্য উপস্থাপনের মধ্য দিয়ে এ মামলার বিচার ও সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

মামলার প্রথম দিনে আনিছ আহমেদ নামে এক সাক্ষী ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছেন। তিনি আন্দোলন চলাকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এমবিএ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

এদিন সকালেই এ মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী, যুবলীগ নেতা আজিজুর রহমান ও তৌহিদুল ইসলামসহ ৫ জন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। অন্যদিকে, মামলার ২২ আসামির মধ্যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনসহ ১৭ জন পলাতক রয়েছেন।

উল্লেখ্য, গত ৩০শে জুন হাছান মাহমুদ, নওফেল ও ফজলে করিমসহ এই ২২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল। তবে আসামিপক্ষের বিভিন্ন আবেদনের প্রেক্ষিতে এর আগে মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণ পিছিয়ে যায়।