৬৩ লাখ মানুষের ফুড স্ট্যাম্প বাতিলের উদ্যোগ ট্রাম্প প্রশাসনের

৬৩ লাখ মানুষের ফুড স্ট্যাম্প বাতিলের উদ্যোগ ট্রাম্প প্রশাসনের

ফন্ট সাইজ:

যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় খাদ্য সহায়তা কর্মসূচি থেকে আরও লাখ লাখ মানুষকে বাদ দেয়ার উদ্যোগ নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন। এর আগে নেয়া প্রশাসনের অন্যান্য পদক্ষেপে এমনিতেই এই কর্মসূচিতে সুবিধাভোগীর সংখ্যা কমেছে। এবার নতুন একটি প্রস্তাবিত নিয়মের মাধ্যমে ৬৩ লাখ মানুষের সুবিধা বাতিল হতে পারে। যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ (ইউএসডিএ) এই প্রস্তাব দিয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

নতুন নিয়মের ফলে ‘টেম্পোরারি অ্যাসিস্ট্যান্স ফর নিডি ফ্যামিলিস’ (টিএএনএফ) কর্মসূচির অধীনে নগদ সহায়তা পাওয়া পরিবারগুলো আর স্বয়ংক্রিয়ভাবে ফুড স্ট্যাম্প বা স্ন্যাপ সুবিধা পাবে না। বর্তমানে টিএএনএফ সুবিধাভোগীরা আয়ের নির্দিষ্ট শর্ত পূরণ না করেই স্ন্যাপ পাওয়ার যোগ্য হন। ইউএসডিএ জানায়, নতুন পরিবর্তনটি এই যোগ্যতাকে আরও মানসম্মত করবে এবং প্রকৃত অভাবীদের জন্য সুবিধা নিশ্চিত করবে। তবে এই নিয়মের কারণে স্ন্যাপ সুবিধাভোগীদের প্রায় ১৮ শতাংশ তাদের সুবিধা হারাবেন।

২০২৫ সালের জুলাই মাসে ডনাল্ড ট্রাম্পের কর আইনের কারণে ইতিমধ্যেই ৫৫ লাখের বেশি মানুষ স্ন্যাপ সুবিধা হারিয়েছেন। বর্তমানে প্রায় ৩ কোটি ৬০ লাখ মানুষ এই কর্মসূচির আওতায় রয়েছেন। ইউএসডিএ অনুমান করছে, নতুন প্রস্তাবিত নিয়মের কারণে ১৮ লাখ শিশু স্কুলে বিনামূল্যে দুপুরের খাবার পাওয়ার যোগ্যতাও হারাবে। হাউস এগ্রিকালচার কমিটির ডেমোক্রেট প্রতিনিধি অ্যাঞ্জি ক্রেইগ এক বিবৃতিতে এই নিয়মটিকে ‘হৃদয়হীন ও নিষ্ঠুর’ বলে মন্তব্য করেন। তিনি জানান, এটি মানুষের মৌলিক চাহিদা মেটানোকে আরও কঠিন করে তুলবে। প্রস্তাবিত এই নিয়মের বিষয়ে মতামত জানানোর জন্য জনসাধারণকে ৩০ দিন সময় দেয়া হবে।