বাহরাইনে মার্কিন রাডারে ড্রোন হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রেভ্যুলেশনারি গার্ড করপস (আইআরজিসি)। বাহরাইনের রিফা বিমান ঘাঁটির ভেতরে যুক্তরাষ্ট্রের একটি আকাশ প্রতিরক্ষা সাইটের রাডারে ছয়টি ড্রোন দিয়ে সফলভাবে হামলা চালিয়েছে বলে জানায় আইআরজিসি। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানানোর পরই এই খবর সামনে আসে। গত কয়েক ঘণ্টায় তারা অনির্দিষ্ট সম্ভাব্য হামলার হুমকির বিষয়ে বারবার সতর্ক করেছিল। ইরানের বার্তা সংস্থা ফার্স নিউজের বরাতে এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।
ফার্স প্রকাশিত বিবৃতিতে আইআরজিসি জানায়, হরমুজ প্রণালি এখনো বন্ধ রয়েছে। জলপথ দিয়ে জাহাজ এসকর্ট করতে যুক্তরাষ্ট্রের চেষ্টা সত্ত্বেও এই প্রণালি বন্ধ রাখা হয়েছে বলে তারা জানায়। তারা আরও জানায়, যুক্তরাষ্ট্রের যেকোনো আগ্রাসী পদক্ষেপের আরও কঠোর ও ধ্বংসাত্মক জবাব দেয়া হবে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এখনও ইরানের হামলার দাবির বিষয়ে কিছু জানায়নি।
চলতি সপ্তাহের শুরুর দিকের একটি অনুরূপ হামলার দাবির সাথে এই নতুন দাবির মিল রয়েছে, যা যুক্তরাষ্ট্র অস্বীকার করেছিল। শুক্রবার আইআরজিসি এক বিবৃতিতে জানায়, তারা বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কীকরণ রাডার স্থাপনায় হামলা চালিয়েছে এবং টার্গেটটি ধ্বংস করেছে। মার্কিন সামরিক বাহিনীর আঞ্চলিক কমান্ড সেন্টকম পরে এই দাবি অস্বীকার করে। তারা জানায়, আইআরজিসির ছোড়া দুটি ড্রোন তারা ভূপাতিত করেছে এবং এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম জানায়, আইআরজিসি এই হামলাটিকে হরমুজ প্রণালিতে ধারাবাহিক আকাশপথে উস্কানি এবং তেল চোরাচালানের প্রতিশোধ হিসেবে একটি ‘মারাত্মক সতর্কবার্তা’ বলে উল্লেখ করেছে। তারা বাহরাইন এবং উপসাগরীয় অন্যান্য দেশের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানে সাহায্য করার অভিযোগ আনে। বাহরাইন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২৮১৭ নম্বর প্রস্তাবের পূর্ণ বাস্তবায়নের আহ্বান জানায়, যেখানে উপসাগরীয় দেশগুলোতে ইরানের হামলার নিন্দা ও তা অবিলম্বে বন্ধের কথা বলা হয়েছে।
